Bengal Liberty : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে অভিযোগ সহ বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরিকল্পনা নিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিআইএম-এর প্রতিনিধিরা। এই প্রতিনিধিদলে উপস্থিত থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ জওহর সরকারও। বিরোধীদের মূল দাবি হল, অ্যাডজুডিকেশনের কারণে ট্রাইব্যুনালে আটকে থাকার ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে হবে এবং তাদের ভোটদানের সুযোগ দিতে হবে। বাদ যাওয়া ভোটারদের সমস্ত আবেদন খতিয়ে দেখে দ্রুত ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পুরসভা ভোট করা যাবে না।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৩০ অক্টোবর কলেজ স্ট্রিট অথবা হিন্দ সিনেমা থেকে রাজ্য নির্বাচন কমিশনে দাবিসনদ পেশ করতে যাবেন বিরোধী দলের প্রতিনিধিরা। কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের লেখা এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার ফলে বহু যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অনেকেই এর ফলে ভোট দিতে পারেননি। কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় ১.২ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে জমা হয়ে পড়ে রয়েছে। হাওড়া কর্পোরেশন এলাকায় ৩৯ হাজার ভোটারের আবেদন ট্রাইব্যুনালে জমা হয়ে পড়ে রয়েছে। এই আবেদনগুলোর নিষ্পত্তি কবে হবে, তা এখনও জানা যায়নি।


