High Court
High Court

কলকাতা পুরসভার ডিলিমিটেশন বাতিল চেয়ে মামলা

Bengal Liberty : পুরভোট আসন্ন। তার আগে শুরু আইনি লড়াই। কলকাতা পুরসভার ডিলিমিটেশন বাতিল চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। কলকাতার আসন পুনর্বিন্যাস একতরফা, সাযুজ্য নেই বিন্যাসে। এমনই অভিযোগ তুলে মামলা দায়ের করার আর্জি। কলকাতা পুরসভার সীমানা পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন কসবার এক বাসিন্দা। কলকাতা পুরসভায় ১৪৪ থেকে আসন বেড়ে ২০৯ করা হয়েছে। এই সীমানা বিন্যাসকে ‘যুক্তিহীন’ আখ্যা দিয়ে আসন বিন্যাস বাতিল করার দাবি জানিয়ে মামলা করেছেন তিনি। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি আর্য্যক দত্তের। আগামী ২৮ অক্টোবর মামলার শুনানির সম্ভাবনা বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, “এসআইআর করে বিজেপি রাজ্যের দখল নিয়েছে। ঠিক একইভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এবার কর্পোরেশনের দখল নিতে চাইছে গেরুয়া শিবির।” শুধু তাই নয়, গত পাঁচমাসে কলকাতা পুরসভার পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ প্রদেশ সভাপতির। এই বিষয়ে তিনি বলেন, “একই সঙ্গে জনগণনা ও ডিলিমিটেশন দুটোই হচ্ছে। কীসের ভিত্তিতে পুরনো ১৪৪টি ওয়ার্ডকে ভাঙা হচ্ছে তা কেউ জানে না। মহিলা সংরক্ষণের বেলাতেও একই ঘটনা! নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একই ওয়ার্ড পর পর চারবার মহিলা করা হচ্ছে।” তীব্র অসন্তোষ প্রকাশ করে এমনটাই মন্তব্য করেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।