CSK
CSK

৩ নতুন কোচ নিয়োগ সিএসকের, বোলিংয়ের দায়িত্বে মোহিত শর্মা!

Bengal Liberty : আইপিএল ২০২৭-এর আগে দলকে নতুন করে সাজানোর পথে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। একদিকে একাধিক অভিজ্ঞ কোচকে বিদায় জানিয়ে নতুন করে সাজানো হচ্ছে দলের কোচিং বিভাগ, অন্যদিকে তিন নতুন কোচ নিয়োগ করে বড়সড় চমক দিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন পেসার মোহিত শর্মা। পাশাপাশি সহকারী কোচ হিসেবে দলে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার আলবি মর্কেল ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্যারেথ ব্যাটি।

কোচিং বিভাগে একাধিক রদবদল

গত কয়েক মরশুমে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর থেকেই সিএসকের কোচিং বিভাগে পরিবর্তনের জল্পনা চলছিল। এর আগে দীর্ঘদিনের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ভারতের প্রাক্তন পেসার জাহির খানকে। এবার নতুন কোচিং স্টাফ গড়ে তোলার প্রক্রিয়ায় আরও একাধিক বড় সিদ্ধান্ত নিল চেন্নাই শিবির।

ব্যাটিং কোচ মাইকেল হাসি, বোলিং কোচ এরিক সিমন্স, সহকারী কোচ রাজীব কুমার, ফিজিও টমি সিমসেক এবং শক্তি ও শারীরিক সক্ষমতা বিভাগের কোচ গ্রেগ কিং-সহ একাধিক সদস্যকে বিদায় জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

নতুন কোচিং ব্যবস্থায় বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন মোহিত শর্মা। সিএসকের জার্সিতে ২০১৩ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৪ সালে আইপিএলে ২৩টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন এই ভারতীয় পেসার। ফলে তাঁর অভিজ্ঞতা আগামী মরশুমে চেন্নাইয়ের বোলিং বিভাগকে কতটা শক্তিশালী করে, এখন সেটাই দেখার।

অন্যদিকে, সহকারী কোচ হিসেবে ফিরছেন আলবি মর্কেল। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিএসকের হয়ে খেলেছেন তিনি। দলের একাধিক স্মরণীয় সাফল্যের সঙ্গেও জড়িয়ে রয়েছে তাঁর নাম। পাশাপাশি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন গ্যারেথ ব্যাটি, যিনি কোচিংয়ের ক্ষেত্রেও অভিজ্ঞ।

উল্লেখ্য, ২০২৩ সালে শেষবার আইপিএল ট্রফি জিতেছিল চেন্নাই সুপার কিংস। এরপর ২০২৪ সালে পঞ্চম, ২০২৫ সালে দশম এবং ২০২৬ সালে অষ্টম স্থানে শেষ করে তারা। টানা তিন মরশুম প্লে-অফে জায়গা না পাওয়ার পর এবার নতুন কোচিং স্টাফের হাত ধরে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য সিএসকের। কতটা সাফল্য পায় আইপিএলের এক সময় কার শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।