India Vs NewZealand 2nd T20
India Vs NewZealand 2nd T20

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয়ী ভারত, ম্যাচের নায়ক তিলক বর্মা!

Bengal Liberty : শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে বাজিমাত ভারতের! একসময় ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষদিকে তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডির দুরন্ত ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল ভারত। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রেয়াস আইয়ারের দল।

নিউজিল্যান্ডের ব্যাটিং

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড। কিউই ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে ওঠেন গ্লেন ফিলিপস। তাঁর ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অন্যদিকে বেভন জ্যাকবস করেন ৪৬ বলে ৫৮ রান। ভারতের হয়ে অর্শদীপ সিং ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা স্বস্তিদায়ক হয়নি ভারতের। পাওয়ারপ্লেতে কিছুটা রান এলেও পরের দিকে কিউই বোলারদের দাপটে চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটিং লাইনআপ। বিশেষ করে মিচেল স্যান্টনারের স্পিনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ভারতীয় ব্যাটাররা। একসময় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে যায় টিম ইন্ডিয়া। স্যান্টনার একাই তুলে নেন ৪টি উইকেট। তখন ভারতের জয়ের আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছিল।

কিন্তু ম্যাচের ছবিটাই বদলে দেন তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডি। চাপের মুখে দাঁড়িয়ে দুজনে শুরু করেন পাল্টা আক্রমণ। একদিকে তিলকের দায়িত্বশীল ব্যাটিং, অন্যদিকে নীতীশের আগ্রাসী মেজাজে ফের ম্যাচে ফিরে আসে ভারত। তিলক বর্মা ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি মাত্র ১৩ বলে অপরাজিত ২৬ রান করেন। সপ্তম উইকেটে তাঁদের অপরাজিত ৬৯ রানের জুটিই ভারতের জয় সুনিশ্চিত করে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত। সিরিজ পকেটে পুরবে ভারত, নাকি প্রত্যাবর্তন ঘটাবে কিউইরা? রোমাঞ্চকর এই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।