Bengal Liberty : ক্রিকেটপ্রেমীদের জন্য ফের সুখবর! আগামী নভেম্বর মাসেই আবারও মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা। তবে এবার সিনিয়র দলের নয়, বাইশ গজে মুখোমুখি হবে ভারত এ ও পাকিস্তান এ দল। এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬ প্রতিযোগিতায় দেখা যাবে এই মহারণ।
কবে, কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় আয়োজিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬। গ্রুপ পর্বে আগামী ২২ নভেম্বর মুখোমুখি হবে ভারত এ ও পাকিস্তান এ। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভারতীয় সময় দুপুর ৩টে ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে এই লড়াই।
একই গ্রুপে ভারত-পাকিস্তান
এবারের প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ বি-তে রয়েছে ভারত এ, পাকিস্তান এ, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি। অন্যদিকে, গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা এ, বাংলাদেশ এ, আফগানিস্তান এ ও হংকং।
আরও খবর
ভারত এ আগামী ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর ২২ নভেম্বর পাকিস্তান এ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে ভারত এ। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। প্রতিযোগিতার ফাইনাল হবে ২৯ নভেম্বর।
সব মিলিয়ে, নভেম্বর মাসে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠতে চলেছে। এবার দেখার, রাইজিং স্টার্সের মঞ্চে শেষ হাসি কে হাসে!


