Bengal Liberty : চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে প্রথম জয়ের লক্ষ্যে আজ, মঙ্গলবার ওমানের আল সিবের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। মহাদেশীয় মঞ্চে এখনও জয় অধরা লাল-হলুদের। ফলে গ্রুপ ডি-র এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দলের। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে রক্ষণ নিয়ে বিশেষভাবে সতর্ক ইস্টবেঙ্গল শিবির।
ইরাকের আল শোর্তার বিরুদ্ধে আগের ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-৩ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে রক্ষণের একাধিক ভুল এবং মনোযোগের অভাবের খেসারত দিতে হয়েছিল লাল-হলুদকে। তাই আজকের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষণে শৃঙ্খলা বজায় রাখার উপরেই জোর দিতে চাইছেন হাবাস। বিশেষ করে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি মাঝমাঠ ও রক্ষণের মধ্যে বোঝাপড়া আরও মজবুত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ঘরোয়া লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। চার্চিল ব্রাদার্সকে ৪-০ গোলে হারানোর পর ইন্টার কাশীর বিরুদ্ধে ৫-১ গোলের জয় তুলে নিয়েছে লাল-হলুদ। তবে ঘরোয়া ফুটবলের সেই সাফল্য মহাদেশীয় মঞ্চে এখনও পুরোপুরি কাজে লাগাতে পারেনি দল। প্রথম ম্যাচে জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র এবং পরবর্তী ম্যাচে আল শোর্তার কাছে ২-৩ গোলে পরাজয়ের পর আজকের ম্যাচে পয়েন্ট পাওয়াটা অত্যন্ত জরুরি।
আরও খবর
আজ ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ওমানের আল সিব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল বনাম আল সিবের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতীয় দর্শকরা ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন। গ্রুপ পর্বে নিজেদের অবস্থান মজবুত করতে আজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল-হলুদ। এখন দেখার, হাবাসের রণকৌশল এবং ফুটবলারদের পারফরম্যান্সের উপর ভর করে শেষ পর্যন্ত প্রথম মহাদেশীয় জয় তুলে নিতে পারে কি না ইস্টবেঙ্গল? সেটাই দেখার।


