Sushmita Seeks CBI Probe Into Cash Recovery Case
Sushmita Seeks CBI Probe Into Cash Recovery Case

কোটি টাকা উদ্ধারের ঘটনা সাজানো, সিবিআই চেয়ে হাই কোর্টে অভিষেকের আপ্তসহায়কের স্ত্রী সুস্মিতা

তাঁর স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের স্ত্রীর বক্তব্য, নগদ টাকা উদ্ধারের সঙ্গে সুমিতকে জড়িত দেখানোর চেষ্টা করছে পুলিশ। অথচ উদ্ধার করা টাকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন সুমিতের স্ত্রী। আদালত আগেই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে সুস্মিতার মামলা শুনানি রয়েছে।

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সাংসদ অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে জেরা করেই ওই টাকার সন্ধান মিলেছে। যদিও তা মানতে নারাজ অভিষেক। তিনি পাল্টা পুলিশকে নিশানা করেন। তৃণমূল সাংসদের দাবি, পুলিশ পরিকল্পিত ভাবে ওই ঘটনা সাজিয়েছে। তাঁর আপ্তসহায়ক সুমিতকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ।

টাকা উদ্ধারের ঘটনায় এ বার স্বামী সুমিতের হয়ে হাই কোর্টে স্ত্রী সুস্মিতা। তিনি পুলিশি হেফাজতে স্বামীর উপর নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, পুলিশি হেফাজতে সুমিতকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছে। এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন সুস্মিতা। পুরো ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করেছেন তিনি। সুমিতের স্ত্রীর আবেদন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে অথবা, সিবিআইকে দিয়ে মামলার তদন্ত করানো হোক। এমনকি সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের তদন্ত থেকে সরানোর আর্জিও করেছেন তিনি। স্বামীর জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করারও হাই কোর্টে আবেদন জানান সুস্মিতা।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।