টালার পাইপলাইনে ফাটল, হাঁটুজলে ডুবল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা!
টালার পাইপলাইনে ফাটল, হাঁটুজলে ডুবল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা!

টালার পাইপলাইনে ফাটল, হাঁটুজলে ডুবল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা!

Bengal Liberty : উৎসবের মরশুমে আচমকাই জলমগ্ন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। টালা স্টেশনের কাছে পানীয় জলের একটি বড় পাইপলাইনে ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে হু হু করে বেরিয়ে আসা জলে কার্যত ডুবেছে একাধিক রাস্তা ও সংলগ্ন এলাকা। কোথাও হাঁটুজল, কোথাও আবার জলের তলায় চলে গিয়েছে গাড়ি ও বাইকের চাকা। নর্দমা নয়, কার্যত রাস্তার উপর দিয়েই বইছে জল। জল জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। উৎসবের আবহে আচমকা এমন পরিস্থিতির জেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকালে আচমকাই এই বিপত্তি নজরে আসে। টালা স্টেশনের কাছে রেললাইনের ঠিক নীচে কলকাতা শহরের জল সরবরাহের একটি পুরনো ও বড় ব্যাসের পাইপলাইনে লিকেজ ধরা পড়ে। পাইপের ফাটল দিয়ে জল বেরিয়ে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। টালা স্টেশন চত্বর থেকে শুরু করে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এমনকী, টালা স্টেশনের একাংশ এবং রেললাইনের ট্র্যাকেও জল জমে যায়। ফলে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে-সহ পুরসভার আধিকারিকরা। রয়েছেন রেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা এবং টালা থানার পুলিশও। বড়সড় বিপদের আশঙ্কা এড়াতে বনমালী সরকার স্ট্রিট-সহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।