Police raid at Shatadru’s residence
Bengal Liberty: আজ, শুক্রবার সকালে মেসির GOAT india trip- এর প্রধান আয়োজক শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এরপর রিষড়া থানার সহযোগিতায় বাঙুর পার্কে অবস্থিত শতদ্রুর বিলাসবহুল তিনতলা বাড়িতে পৌঁছোন তদন্তকারীরা (Police raid at Shatadru’s residence)।
পুলিশ সূত্রে খবর, সেইসময় বাড়িতে পরিচারিকা ছাড়া আর কেউ ছিলেন না। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যদিও তেমন কিছুই মেলে না। এক পুলিশ কর্তা বলেন, বিষয়টি তদন্তাধীন,এখনই কোনও কিছু বলা সম্ভব নয়।
প্রায় ১০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি! (Police raid at Shatadru’s residence)
তদন্তকারীদের অনুমান, মেসির অনুষ্ঠানে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই যুবভারতীকাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় দু’টি এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, স্টেডিয়ামে বিশৃঙ্খলার ছাড়াও প্রায় ১০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। আয়োজক সংস্থার বিরুদ্ধে টিকিট ও পাস বিক্রির হিসাব না রাখা, মেসির সঙ্গে ছবি তোলার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ কালো টাকার উৎস খতিয়ে দেখতে শীঘ্রই তদন্তে ইডি নামতে পারে । ইডি সূত্রে খবর, ইসিআইআর দায়ের করা হয়েছে (Police raid at Shatadru’s residence)।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে তাণ্ডবের ঘটনার পর কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রু দত্তকে। বর্তমানে তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অতীতে পেলে, মারাদোনা ও এমিলিয়ানো মার্তিনেসকে কলকাতায় এনেছিলেন তিনি।
প্রসঙ্গত, স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ঋজু দাস, সৌম্যদীপ দাস ও তন্ময় দে। শুক্রবার তাঁদের আদালতে হাজির করিয়ে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

