দীপাবলিতে বাজি পোড়ানো বড় বিষয় নয়, দূষণ এমনিই কমে যাবে! মন্তব্য যোগী আদিত্যনাথের
দীপাবলিতে বাজি পোড়ানো বড় বিষয় নয়, দূষণ এমনিই কমে যাবে! মন্তব্য যোগী আদিত্যনাথের

দীপাবলিতে বাজি পোড়ানো বড় বিষয় নয়, দূষণ এমনিই কমে যাবে! মন্তব্য যোগী আদিত্যনাথের

Bengal Liberty : দীপাবলি ও ধনতেরাসে সর্বসাধারণের আতসবাজি পোড়ানোর ভূয়সী প্রশংসা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উৎসবে বাজি পোড়ানোর ফলে পরিবেশ দূষণের আশঙ্কা ও উদ্বেগকে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, দীপাবলিতে বাজি ফাটানো মোটেই কোনও বড় বিষয় নয়। যদি সাময়িক পরিবেশ দূষণ হয়েও থাকে, তবে তা সময়ের সঙ্গে সঙ্গে এমনিতেই কমে যাবে। ​বুধবার লখনউয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মন্তব্য করেন। তিনি বলেন, “উৎসবের মরসুমে মানুষ যদি এক দিন আনন্দ করে বাজি ফাটায়, তবে তাতে সামান্য পরিবেশ দূষণ হলেও তা দ্রুত প্রশমিত হয়ে যাবে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।”

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা নিজেদের নানা দুর্নীতিমূলক ক্রিয়াকলাপের মাধ্যমে গোটা সমাজ ও শাসনব্যবস্থাকে দূষিত করে তোলেন, তাঁদের ভূমিকা নিয়ে কেউ সরব হন না। অথচ সাধারণ মানুষ একদিন আলো ও বাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করলেই দূষণের দোহাই দেওয়া হয়। বিজেপি সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, উৎসব উদযাপনের ক্ষেত্রে তাঁদের সরকার কোনও কঠোর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা চাপানোর পক্ষপাতী ছিল না।

বরং উত্তরপ্রদেশ সরকার প্রতিটি সাধারণ মানুষকে মুক্তভাবে ও স্বতঃস্ফূর্তভাবে দীপাবলি উদযাপনে উৎসাহিত করেছে। উৎসবের মরসুমে সাধারণ মানুষের এমন ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বাজি ফাটানোর দৃশ্য দেখে তিনি অত্যন্ত আনন্দিত বলে প্রকাশ করেন এবং সকলকে দূষণ সংক্রান্ত উদ্বেগ ভুলে উৎসবে মেতে ওঠার আহ্বান জানান। যথারীতি দূষণ ইস্যুতে যোগীর এই অবস্থান ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।