Bengal Liberty : ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকার গঠনের সময় কংগ্রেস ও জোটসঙ্গীদের প্রবল চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন সোনিয়া গান্ধি। তাঁর এই সিদ্ধান্তকে আত্মত্যাগ হিসেবে তুলে ধরতেই বিজেপির কটাক্ষ, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আসলে ‘সুপার পিএম’ হওয়ার পথ বেছে নিয়েছিলেন তিনি। এবার বিজেপির সেই আক্রমণের পাল্টা জবাব দিলেন ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা।
প্রবীণ কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা বিজেপির সমালোচনার জবাব দিয়ে বলেন, “এই স্মৃতিকথা আপনাদের (বিজেপি) সংস্করণ নয়। এটি তাঁর নিজের কাহিনি। তিনি যা বলতে চান, সেটাই বলবেন।” মঙ্গলবার, ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধির আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’। রাজীব গান্ধির সঙ্গে কেমব্রিজে পরিচয়, ভারতে এসে তাঁকে বিয়ে করে গান্ধি পরিবারের সদস্য হয়ে ওঠা এবং পরবর্তীকালে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে এই স্মৃতিকথায়। ৫৪৪ পাতার বইটি প্রকাশ করেছে হার্পারকলিন্স ইন্ডিয়া।
আত্মজীবনীতে সোনিয়া জানিয়েছেন, ২০০৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনে জয়ের পর কংগ্রেসের নেতৃত্বে প্রথম ইউপিএ সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়। সেই সময় কংগ্রেস-সহ জোটের একাধিক নেতা-নেত্রী চেয়েছিলেন, সোনিয়া গান্ধিই দেশের প্রধানমন্ত্রী হন। কিন্তু তাঁর দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন।
আরও খবর
ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির হত্যার ভয়াবহ অভিজ্ঞতার পর তাঁরা আর মাকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাননি। দুই সন্তানের আপত্তি এবং পারিবারিক পরিস্থিতির কথা বিবেচনা করেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসেন সোনিয়া। নিজের স্মৃতিকথায় এই সিদ্ধান্তকে বড় আত্মত্যাগ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে বই প্রকাশের পরই সোনিয়ার এই ‘আত্মত্যাগ’ নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। দলের সাংসদ সুধাংশু ত্রিবেদীর দাবি, প্রধানমন্ত্রী না হয়েও ইউপিএ জমানায় কার্যত সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন সোনিয়া গান্ধি। প্রধানমন্ত্রী মনমোহন সিং থাকলেও পর্দার আড়াল থেকে সরকার চালাতেন কংগ্রেস নেত্রী। তাঁর এই ভূমিকার কারণেই সোনিয়ার আত্মত্যাগের দাবিকে ‘সুপার পিএম’ হওয়ার কৌশল বলে আক্রমণ করেছে বিজেপি।
বিজেপির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন স্যাম পিত্রোদা। আমেরিকার শিকাগো থেকে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এখনও পর্যন্ত সোনিয়া গান্ধির আত্মজীবনীটি হাতে পাননি। তবে আগামী সপ্তাহের মধ্যেই বইটি পাওয়ার আশা করছেন তিনি।
পিত্রোদার কথায়, “আমি যতটুকু শুনেছি, বইটি ভালোবাসা, সাহসিকতা, প্রতিশ্রুতি, দৃঢ় সিদ্ধান্ত এবং চরিত্রের কাহিনি। একজন মহিলা বিদেশে জন্মগ্রহণ করে ভারতে এসেছেন এবং নিজের গোটা জীবন ভারতীয় পরিবার, মূল্যবোধ ও সংস্কৃতির জন্য উৎসর্গ করেছেন।” বিজেপির রাজনৈতিক কটাক্ষের জবাবে পিত্রোদার এই মন্তব্যে সোনিয়া গান্ধির পাশে দাঁড়াল কংগ্রেস শিবির।


