Bengal Liberty : দুর্যোগের মেঘ কেটে বাংলায় সদ্য স্বাভাবিক ছন্দে ফিরেছে আবহাওয়া। বাতাসে শীতের আমেজ অনুভূত হচ্ছে।এই আবহেই ফের আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস। ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তার প্রভাব পড়বে বাংলাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, কোন দিকে এগোবে বা কোথায় আছড়ে পড়বে, তা ঝড়টি তৈরি হওয়ার পর বোঝা যাবে। আপাতত নিম্নচাপের পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহবিদেরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত তিন দিনে রাজ্যে প্রায় ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতাতেও শীতের আমেজ আরও বাড়তে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে এবং শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তার পর আরও শক্তি বাড়িয়ে রবিবারের মধ্যে তা থেকে তৈরি হবে গভীর নিম্নচাপ। ওই নিম্নচাপ ঘনীভূত হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর। তবে এখনই পশ্চিমবঙ্গের উপর তার প্রভাব নিশ্চিত নয়। অন্তত ১৮ নভেম্বর, বুধবারের আগে পর্যন্ত এ রাজ্যে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তার পর বৃষ্টি হতে পারে।বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ভিজবে কলকাতাও। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের অন্যান্য জেলাতেও ওই দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে আবহাওয়া থাকবে শুকনো। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঠান্ডার আমেজ রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদপতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনে আরও প্রায় দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। উত্তরেও বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।


