ঘূর্ণিঝড় ‘আকতান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা! একাধিক জেলায় কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা কৃষি দফতরের
ঘূর্ণিঝড় ‘আকতান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা! একাধিক জেলায় কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা কৃষি দফতরের

ঘূর্ণিঝড় ‘আকতান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা! একাধিক জেলায় কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা কৃষি দফতরের

Bengal Liberty : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকতান’-এর গতিপথে হঠাৎ পরিবর্তন। তার জেরেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং কৃষিজ ফসল রক্ষা করতে বিশেষ সতর্কবার্তা জারি করল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি-সহ বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে কৃষকদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সম্ভাব্য ক্ষতির হাত থেকে ফসল বাঁচানোর পরামর্শ দিয়েছে কৃষি দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বুঝে আমন ধান ৮০ শতাংশের বেশি পেকে গেলে দ্রুত কেটে তোলার ব্যবস্থা করতে হবে। জমিতে ধান গাছ শুয়ে পড়লে ক্ষতি এড়াতে পাশাপাশি দু’টি থেকে তিনটি গোছা একসঙ্গে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে শিষের ধান জমির জলে স্পর্শ করবে না। দ্রুত ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে স্থানীয় কৃষিযন্ত্র ভাড়াকেন্দ্রের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। কাটা ধান দ্রুত গোলাজাত করতে হবে অথবা নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে।

এ ছাড়াও আলু চাষের পরিকল্পনা থাকলে কয়েক দিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি এবং মাটির জো অনুযায়ী আলু বসানোর কথা জানানো হয়েছে। বৃষ্টিতে ধুয়ে নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় এই মুহূর্তে জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব সবজি জমিতে পরিপক্ব অবস্থায় রয়েছে, সেগুলি দ্রুত তুলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সবজির মাচা ও পানের বরজ মেরামত করে মজবুত করার কথা বলা হয়েছে, যাতে ঝোড়ো হাওয়ায় ক্ষতি কমানো যায়। সবজি ও আলুর জমিতে জল জমলে যত দ্রুত সম্ভব সেই জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

দীর্ঘমেয়াদি আমন ধানের ক্ষেত্রে বাদামি শোষক পোকার আক্রমণের পরিস্থিতি অনুযায়ী কৃষি দফতরের সুপারিশ মেনে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জল জমে গেলে সাধারণ পচা ও ধসা জাতীয় রোগ নিয়ন্ত্রণে নির্দিষ্ট মাত্রায় ছত্রাকনাশক ব্যবহারের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কৃষি দফতরের তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত যে কোনও পরামর্শ ও সহায়তার জন্য কৃষকরা নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে পারবেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।