ঘূর্ণিঝড় 'আকভানের' ল্যান্ডফল, বাংলায় তুমুল বৃষ্টি শুরু, একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি
ঘূর্ণিঝড় 'আকভানের' ল্যান্ডফল, বাংলায় তুমুল বৃষ্টি শুরু, একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি

ঘূর্ণিঝড় ‘আকভানের’ ল্যান্ডফল, বাংলায় তুমুল বৃষ্টি শুরু, একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি

Bengal Liberty : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। আজ ওড়িশায় ল্যান্ডফল হয়েছে এই ঘূর্ণিঝড়ের। তাই সেখানে আগে থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে বাংলার উপকূল ও লাগোয়া অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ‘আকভান’-এর প্রভাবে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।


ঘূর্ণিঝড় আকভান কিছুটা শক্তি হারিয়ে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের গোপালপুরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দফতরের ১২ ঘণ্টার বিশেষ অ্যাডভাইসরি অনুযায়ী, আজ কলকাতা ও শহরতলিতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে সমুদ্রে শক্তি হারিয়েছে ‘আকভান’। তবে তার প্রভাবে তুমুল বৃষ্টি চলছে কলকাতায়। পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলাও ভিজছে অঝোর ধারায়। উপকূর তীরবর্তী মানুষ প্রমাদ গুণছেন এখনও।

বুধবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের উপর চলছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার। ভারী বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সতর্কতা রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিল করেছে এবং কলকাতা-ভুবনেশ্বর রুটের বেশ কয়েকটি বিমানও বাতিল বা বিলম্বিত হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকবে এবং দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।