Bengal Liberty : ‘আকভান’ যেন চাষিদের পাকা ধানে মই দিয়েছে। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত রাজ্যের কৃষিক্ষেত্র। বিশেষ করে আমন ধান ঘরে তোলার মুখে এমন দুর্যোগে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। বাংলার ধানের ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ কৃষিজমি ইতিমধ্যেই জলের তলায়। ভাতার, মন্তেশ্বর, জামালপুর, রায়না, সাতগেছিয়া-সহ একাধিক এলাকায় পাকা ধান কাটা শুরু হয়ে গিয়েছিল। কোথাও কোথাও কাটা ধান জমিতেই গাদা করে রাখা হয়েছিল রোদে শুকোনোর জন্য। কিন্তু শুক্রবার ভোররাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় সেই জমিগুলিতে জল জমে গিয়েছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধানচাষিরা।
চাষিদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জলের তলায় থাকলে ধানের শিষ থেকে নতুন করে অঙ্কুর বেরিয়ে যেতে পারে। পাশাপাশি ধানে দাগ পড়ে যাওয়ায় চাল তৈরির সময় তা সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ শুধু উৎপাদন নয়, ধানের গুণগত মানও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ এ বছর পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ আমন ধান উৎপাদনের সম্ভাবনা ছিল।
তবে দুর্যোগের প্রভাব কেবল ধানচাষেই সীমাবদ্ধ নয়। পূর্ব বর্ধমানের বৈঁচি, মেমারি, জামালপুর, আমড়া, গলসি, তালিত, গুসকরা, হুগলির মশাগ্রাম, নবগ্রাম, আরামবাগ, খানাকুল থেকে শুরু করে বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং বসিরহাটের সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ, হাসনাবাদ ও কাকদ্বীপের মতো এলাকাতেও শীতকালীন সবজি চাষ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটোর মতো সবজি তোলার মরশুমে জমিতে জল জমে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। শীতকালীন এই সবজিতে জল জমলে পচে যাওয়ার আশঙ্কা থাকে। পালং শাক, মূলোশাক থেকে শুরু করে পেঁয়াজকলি—সবই কার্যত এখন জলের তলায়। এর প্রভাব আগামী দিনে বাজারে সবজির জোগান এবং দামের উপরেও পড়তে পারে।
আরও খবর
অন্যদিকে, এ বার আলুচাষ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত মরশুমে আলুর ন্যায্য দাম না পাওয়ায় বহু কৃষক আলুচাষ থেকে সরে এসে আমন ধানের দিকে ঝুঁকেছিলেন। এ বার আলু বসানোর মুখে এমন বৃষ্টিতে নতুন করে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাঁরা।
ইতিমধ্যেই কৃষি দফতরের তরফে জমিতে জল জমে গেলে এবং ফসল ক্ষতিগ্রস্ত হলে কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। প্রয়োজনে স্থানীয় কৃষি দফতরের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। তবে নিম্নচাপের আকস্মিক দুর্যোগে মাঠের ফসল নিয়ে এখন কার্যত দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে রাজ্যের কৃষকদের।


