Cyclone Akvan
Cyclone Akvan

‘আকভান’-এর জেরে শুক্রবারও ভারী বৃষ্টি কলকাতায়

Bengal Liberty : ওড়িশা উপকূলে নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। বেলা ১টার আগে শেষ হয়েছে এর ল্যান্ডফল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। তবে তার আগে থেকে ওড়িশায় বৃষ্টি দাপট দেখাতে শুরু করে। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল। সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে ওই প্রক্রিয়া চলেছে। অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে ‘আকভান’। এর জেরে ইতিমধ্যেই অন্ধ্র ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ল্যান্ডফলের আগে উপকূলের কাছে এসে কিছুটা শক্তি হারায় ঘূর্ণিঝড়।

পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছিল, আকভানের প্রভাবে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে তা ৯০ কিলোমিটারে নেমে এসেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি চলছে। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে। কখনো ঝিরঝিরে আবার কখনো মুষলধারে বৃষ্টি চলছে। এদিন সকাল থেকে ওড়িশার বিভিন্ন এলাকায় চলছে প্রবল বৃষ্টি। অন্যদিকে, রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বেলগাছিয়ায়। সেখানে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মানিকতলা, পাগলাডাঙ্গা ও দত্ত বাগান এলাকায় ৬ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। উল্টোডাঙ্গায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। এছাড়া তপসিয়ায় ২ মিলিমিটার, ঠনঠনিয়ায় ৪ মিলিমিটার, বালিগঞ্জে ২ মিলিমিটার, মোমিনপুরে ২ মিলিমিটার, চেতলা লকগেট এলাকায় ১ মিলিমিটার, চিংড়িঘাটায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।