Bengal Liberty : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অকালবর্ষণে কার্যত বিপর্যস্ত শহর কলকাতা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও অব্যাহত। কখনও ঝমঝমিয়ে, কখনও মাঝারি বৃষ্টিতে ব্যাহত হয়েছে শহরের স্বাভাবিক জনজীবন। কলকাতা পুরোপুরি জলমগ্ন না হলেও একাধিক এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। মেঘাচ্ছন্ন আকাশ এবং দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শহরে শীতল আবহাওয়ার অনুভূতি তৈরি হয়েছে।
কলকাতা পুরসভার নিকাশি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন পাম্পিং স্টেশনে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাগলাডাঙায়, ১৯.২০ মিলিমিটার। এ ছাড়া চিংড়িঘাটায় ১৫.৬০, মমিনপুরে ১৫, বেলগাছিয়ায় ১৪ এবং পামার ব্রিজ ও বেহালা ফ্লাইং ক্লাবে ১৪ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। মানিকতলায় ১৩ এবং সিপিটি ক্যানালে ১২.৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে, শুক্রবার সকালে ভবানীপুর, ঠনঠনিয়া ও আমহার্স্ট স্ট্রিট এলাকায় গোড়ালি সমান জল জমে যায়। পরিস্থিতি সামাল দিতে নিকাশি বিভাগের কর্মীরা অত্যাধুনিক জেট-কাম-সাকশন মেশিন নামিয়ে দ্রুত জল নামানোর ব্যবস্থা করেন। টানা বৃষ্টির জেরে শহরের দোকানপাটও তেমন খোলেনি। রাস্তায় যানবাহন ও সাধারণ মানুষের ভিড় ছিল তুলনামূলকভাবে কম। পরিস্থিতির উপর নজর রাখতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা।
আরও খবর
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। তবে শনিবার সকালের পর বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তেও দুর্যোগের আশঙ্কা থাকছে শহরবাসীর।


