Bengal Liberty : বাংলায় সনাতন সংস্কৃতির চর্চা আরও ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাঁচ লক্ষ কণ্ঠে ‘হনুমান চালিশা’ পাঠের আয়োজন করা হয়। সেখানে যুব প্রজন্মের বিপুল অংশগ্রহণ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশা, নতুন প্রজন্মের হাত ধরেই ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘বিকশিত ভারত’ গড়ে উঠবে। ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করবে তারাই। একইসঙ্গে সনাতন ধর্মের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে পূর্বতন বাম ও তৃণমূল সরকারের জমানাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
বাম-তৃণমূলকে আক্রমণ
নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে শুভেন্দু বলেন, দীর্ঘদিন ধরে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। তাঁর অভিযোগ, বামপন্থীরা নাস্তিক এবং সনাতন ধর্মবিরোধী। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধেও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “বামেরা কখনও কোনও ভগবানের নামে জয়ধ্বনি দেয়নি। আর তৃণমূল তো মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দিয়েছিল। এবার আর ওসব চলবে না। বাংলার হিন্দু ভাইবোনেরা এখন মন খুলে নিজেদের ধর্ম পালন করবেন।”
এদিন রামমন্দির ও মহাকুম্ভ প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, রামমন্দির হিন্দুদের অর্থে তৈরি হয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে মিছিল করে ‘রাম মন্দির নেহি চলেগা’ বলেছিলেন। মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পাশাপাশি, সিপিএমের বিরুদ্ধে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দেওয়ার অভিযোগও করেন মুখ্যমন্ত্রী।
আরও খবর
যুব প্রজন্মই গড়বে ‘বিকশিত ভারত’
অনুষ্ঠানে যুবক-যুবতীদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর মতে, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা বাড়ছে। এই প্রজন্মই আগামী দিনে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শুভেন্দুর বক্তব্য, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষমতাও রয়েছে তাদের হাতে।


