Shamim Ahmed
খোঁজ মিলল না শামিমের

মধ্যরাতে মমতা তৃণমূল বিধায়কের বাড়িতে CID-পুলিশের অভিযান, খোঁজ মিলল না শামিমের

সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়কের। ওই ঘটনায় প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করে ডায়মন্ড হারবার পুলিশ। সেই তদন্তের সূত্রেই বিধায়কের বাড়িতে এই অভিযান বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি তদন্তের জেরে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচ চেয়েও কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেছেন শামিম আহমেদ।

বিশেষ করে, একদিকে বিধায়কের সিবিআই তদন্তের দাবি এবং গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হওয়া, অন্যদিকে তাঁর বাড়িতে তদন্তকারী সংস্থার অভিযান—এই দুই ঘটনাকে ঘিরে পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

তবে মধ্যরাতের এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত সিআইডি কিংবা ডায়মন্ড হারবার পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। বিধায়ক শামিম আহমেদের বাড়িতে ঠিক কী উদ্দেশ্যে তদন্তকারীরা গিয়েছিলেন, তাঁকে কেন খোঁজা হচ্ছিল এবং এই অভিযানের সঙ্গে টাকা উদ্ধারের মামলার সরাসরি কী যোগ রয়েছে, তা নিয়ে সরকারি বক্তব্যের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।