Bengal Liberty : নবমী নিশি শেষ। আজ বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী। আর বিজয়া দশমী মানেই চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রা দেখতে প্রতিবছরই শহরজুড়ে উপচে পড়ে ভিড়। কিন্তু এ বছর ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। চন্দননগরেও সকাল থেকে বৃষ্টির দাপট। ফলে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বৃষ্টির পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত কোনও পুজো কমিটিকে প্রতিমা মণ্ডপের বাইরে না বের করার নির্দেশ দিয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। কমিটির তরফে সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ বৈঠকের পরেই জানা যাবে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজ চন্দননগরে জগদ্ধাত্রী নিরঞ্জনের শোভাযাত্রা করা সম্ভব হবে কি না।
চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে একাধিক জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যে ৬৮টি পুজো কমিটি রাতের বর্ণাঢ্য শোভাযাত্রায় আলোকসজ্জা নিয়ে বের হয়। বাকি পুজো কমিটিগুলি দিনের বেলায় প্রতিমা বিসর্জন দেয়। সেই বিসর্জন পর্বেও থাকে বাজনা, আলোকসজ্জা এবং উৎসবের আমেজ।
আরও খবর
চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৪টি ঘাটে প্রতিমা বিসর্জন হয়। দিনের বিসর্জন পর্ব শেষ হওয়ার পর সন্ধ্যা থেকে শুরু হয় রাতের শোভাযাত্রা। এরপর সারা রাত ধরে চলে প্রতিমা নিরঞ্জনের পর্ব।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রতিমা নিয়ে শোভাযাত্রা করা হলে দর্শনার্থীদের নিরাপত্তা, পুজো কমিটির সদস্যদের সমস্যা এবং প্রতিমা নিয়ে যাওয়ার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তাই আবহাওয়ার পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় কমিটি ও প্রশাসন।
ফলে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা এবার নির্ধারিত সময়ে হবে, নাকি আবহাওয়ার কারণে পরিবর্তিত হবে—সেদিকেই তাকিয়ে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ।


