Bangladesh News
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: বাংলাদেশের (Bangladesh News) ময়মনসিংহে (Mymensingh) এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা! পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় সর্বত্র। গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্র নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে বাংলাদেশে।

গ্রেফতার আরও ২ (Bangladesh News)
দীপু দাসকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল, শনিবার পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ছিল ১০। আজ, রবিবার এই ঘটনায় গ্রেফতার করা হল আরও ২ জনকে। ঘটনার বিভিন্ন ভিডিয়ো দেখে শনাক্ত করে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতেই আশিকুর রহমান এবং কাইয়ুম নামে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেরই বাড়ি ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায়। রবিবার তাঁদের আদালতে পেশ করা হয়। ওই সময় আরও যাঁরা উপস্থিত ছিলেন ঘটনাস্থলে, তাঁদের খোঁজেও চলছে তল্লাশি।
কে এই দীপু চন্দ্র দাস? (Bangladesh News)
বছর সাতাশের নিহত যুবক দীপু চন্দ্র দাস (Dipu Chandra Das) স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ‘ধর্ম অবমাননা’, ‘উস্কানিমূলক’ মন্তব্য করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা। তাতেই যুবকের মৃত্যু হয়। এর পর মৃত্যু নিশ্চিত করতে দেহটি গাছের সঙ্গে বেঁধে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার সেই ভিডিয়ো দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পর দীপুর দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়। তবে সমাজমাধ্যমে বা প্রকাশ্যে উস্কানিমূলক কোনও কথা বলেছিলেন দীপু, তার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে রবিবার সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কী জানিয়েছে ইউনূসের দফতর?
গতকাল, শনিবার রাতে বিবৃতি দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহাম্মদ ইউনূস বলেন, “ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।” ধৃতদের নামও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার দফতর। র্যাবের হাতে ধৃতেরা হলেন মহম্মদ লিমন সরকার, মহম্মদ তারেক হোসেন, মহম্মদ মানিক মিয়া, এরশাদ আলি, নিজুম উদ্দীন, আলমগির হোসেন এবং মহম্মদ মিরাজ হোসেন আকন। পুলিশের হাতে ধৃতদের নাম মহম্মদ আজমল হাসান সগীর, শাহিন মিয়া এবং মহম্মদ নাজমুল। একইসঙ্গে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নতুন বাংলাদেশের মাটিতে এ ধরনের হিংসার কোনও জায়গা নেই। এই জঘন্য অপরাধে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না।
