Tripura Municipal Election 2026
নির্বাচন বাতিল করে নতুন ভোটের দাবি এম এ বেবির

ত্রিপুরার পুরসভা ভোটে হিংসার অভিযোগ, নির্বাচন বাতিল করে নতুন ভোটের দাবি এম এ বেবির

ত্রিপুরার পুরসভা নির্বাচন নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি। তাঁর অভিযোগ, মনোনয়ন জমার সময় হিংসার মাধ্যমে ছ’টি পুরপ্রতিষ্ঠান দখল করেছে বিজেপি। শুক্রবার ভোটগ্রহণের দিনও বুথগুলিতে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, বিজেপি নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে। এম এ বেবির আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় বাম প্রার্থী, সিপিআই(এম)-এর দুই মহিলা প্রার্থী, পোলিং এজেন্ট এবং ভোটারদের উপর হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ তাঁর। তবে ভয়ভীতি ও হিংসার পরিবেশের মধ্যেও যাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট দিতে গিয়েছেন, তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই নির্বাচন বাতিল করে সংশ্লিষ্ট পুরসভাগুলিতে নতুন করে ভোটগ্রহণের দাবি জানিয়েছে বামফ্রন্ট।

উল্লেখ্য, ত্রিপুরার ২১টি পুরপ্রতিষ্ঠানের মোট ৩৪৫টি ওয়ার্ডে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের আগেই ৭৭টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। এর মধ্যে কমলপুর, শান্তিরবাজার, রানিরবাজার, জিরানিয়া এবং মোহনপুর পুরসভার মোট ৬৫টি ওয়ার্ড রয়েছে। এই পাঁচটি পুরসভার সবকটি ওয়ার্ডেই জয়ী হয়েছে শাসকদল। এছাড়া আমবাসায় ৬টি, তেলিয়ামুড়ায় ৪টি এবং বিশালগড়ে ২টি ওয়ার্ডেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। বিরোধী বাম ও কংগ্রেসের অভিযোগ, শাসকদলের সন্ত্রাসের কারণেই ওই ওয়ার্ডগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।

এরপর শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানী আগরতলা-সহ বাকি ১৬টি পুরপ্রতিষ্ঠানের ২৬৮টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে বিকেল ৪টে পর্যন্ত। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডেই ভোট হয়েছে। পাশাপাশি ধর্মনগর, উদয়পুর, কৈলাশহর, বিলোনিয়া, কুমারঘাট, খোয়াই, বিশালগড়, তেলিয়ামুড়া, আমবাসা ও মেলাঘর-এই ১০টি পুরপরিষদেও ভোটগ্রহণ হয়েছে। পাঁচটি নগর পঞ্চায়েত পানিসাগর, সোনামুড়া, অমরপুর, বিশ্রামগঞ্জ এবং সাব্রুমেও ভোট হয়েছে। এবারের নির্বাচনে বিজেপির ২৬৫ জন, সিপিআই(এম)-এর ২২৮ জন, কংগ্রেসের ২০১ জন এবং বিজেপির সহযোগী দল তিপ্রা মথার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী ২ ডিসেম্বর ভোটগণনা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের পুরসভা নির্বাচনে ত্রিপুরার একটি ওয়ার্ডে জয় পেয়েছিল তৃণমূল। আগরতলার একাধিক ওয়ার্ডে দ্বিতীয় স্থানেও ছিল তারা। তবে এবারের পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না তৃণমূল।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।