Taslima Nasrin Slams US in Poem Over Venezuela Attack
Bengal Liberty: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের জেরে বিশ্ব রাজনীতিতে যখন তীব্র প্রতিক্রিয়া, ঠিক তখনই আমেরিকার আগ্রাসী নীতির বিরুদ্ধে সরব হলেন বিশিষ্ট লেখিকা ও কবি তসলিমা নাসরিন (Taslima Nasrin)। মার্কিন ডেল্টা ফোর্সের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে নিজের একটি প্রতিবাদী কবিতা পোস্ট করেছেন তিনি।
উল্লেখ্য শুক্রবার গভীর রাতে চালানো সেই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দম্পতিকে আটক করে নিউ ইয়র্কে আনা হয়েছে। মাদক পাচার-সহ একাধিক অভিযোগে তাঁদের বিচার হবে মার্কিন আদালতেই। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিজেদের অবস্থান স্পষ্ট করলেও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে আমেরিকার একতরফা সামরিক হস্তক্ষেপ নিয়ে।
এই প্রেক্ষিতেই ফেসবুকে নিজের লেখা একটি দীর্ঘ কবিতা শেয়ার করেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। কবিতাটির শিরোনামই যেন সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেয় ‘আমেরিকা’ কথা টি লিখে। কবিতার শুরুতেই একের পর এক প্রশ্নে তিনি আমেরিকার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, তিনি লেখেন
“কবে তোমার লজ্জা হবে আমেরিকা?
কবে তোমার সন্ত্রাস থামবে?
কবে পৃথিবীর মানুষকে বাঁচতে দেবে তুমি?”
এছাড়াও কবিতার পরবর্তী অংশে উঠে এসেছে মার্কিন সামরিক হস্তক্ষেপে বিধ্বস্ত দেশ, নিহত সাধারণ মানুষ, ধ্বংস হয়ে যাওয়া শহর ও ভেঙে পড়া সভ্যতার ছবি। তসলিমার কলমে বারবার ফিরে এসেছে যুদ্ধ, বোমা, রক্ত আর স্বপ্নভঙ্গের গল্প,যেখানে ক্ষমতার লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।
শুধু অভিযোগেই থামেননি তিনি। কবিতার একাংশে আমেরিকার প্রতি অনুশোচনার আহ্বানও রয়েছে। সেখানে কবি প্রশ্ন তুলেছেন কবে আমেরিকা নিজের ভুল স্বীকার করবে, কবে মানবিকতার পথে ফিরবে, কবে ক্ষমা চাইবে বিশ্বের মানুষের কাছে?
তসলিমা তাঁর কবিতায় একে একে তুলে ধরেছেন সেই সব দেশের নাম, যারা বিভিন্ন সময়ে মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে যেমন এল সালভাদোর, নিকারাগুয়া, চিলি, কিউবা, পানামা থেকে শুরু করে ইরান, ইরাক, লিবিয়া, প্যালেস্টাইন, ভিয়েতনাম, আফগানিস্তান।
