Bengal Liberty : ২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনকে ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে। রাত ১২টায় ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়’ মুক্তি পেতেই ইতিমধ্যেই নজিরবিহীন সাফল্যের দিকে এগোচ্ছে গানটি। গান মুক্তির সঙ্গে সঙ্গেই আরও একটি নয়া কৃতিত্ব স্থাপন করল শাহরুখ খানের ‘কিং’। ২৪ ডিসেম্বর ছবি মুক্তির আগেই গানের স্বত্ব, স্ট্রিমিং স্বত্ব, টেলিভিশন স্বত্ব-সহ বিভিন্ন স্বত্ব বিক্রি করে ছবির বাজেটের সমপরিমাণ অর্থ তুলে নিয়েছে ‘কিং’। ফলে মুক্তির আগেই সুপারহিট ‘কিং’!
সুপারস্টার শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি টাকা বলে জানা যাচ্ছে, যা কিং খানের সবথেকে বড় বাজেটের সিনেমা হিসেবে উঠে এসেছে। এর আগে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এর বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। বাজেটের নিরিখে ‘জওয়ান’-কেও ছাপিয়ে গিয়েছে ‘কিং’। তবে ছবি মুক্তির আগেই নেটফ্লিক্স থেকে ২৫০ কোটি, টি-সিরিজ থেকে ৮০ কোটি, টেলিভিশন স্বত্ব থেকে ১৫০ কোটি এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন স্বত্ব থেকে আরও ১৫০ কোটি টাকা তুলে নেওয়ার খবর সামনে এসেছে। অর্থাৎ, ছবি মুক্তির আগেই বিপুল অঙ্কের অর্থ ঘরে তুলেছে ‘কিং’।
শাহরুখ খানের এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও এখন তুঙ্গে। জন্মদিনে প্রথম গান প্রকাশের পর থেকেই ছবির প্রচার ঘিরে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। বড় বাজেট, তারকাখচিত অভিনয় এবং প্রি-রিলিজ ব্যবসার বিপুল অঙ্ক—সব মিলিয়ে ‘কিং’ ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। তবে ছবির এই আর্থিক সাফল্যের খবর সামনে এলেও শেষ পর্যন্ত বক্স অফিসের ফলাফলই নির্ধারণ করবে ছবির প্রকৃত ব্যবসায়িক সাফল্য।
আরও খবর
এবার দেখার, বক্স অফিসেও কি ‘কিং’ প্রত্যাশা মতোই সাফল্য পাবে? মুক্তির পর দর্শকদের মন জয় করে বক্স অফিসে নতুন নজির গড়তে পারে কি শাহরুখ খানের এই বহু প্রতীক্ষিত ছবি? সেই দিকেই নজর থাকবে সমস্ত সিনেপ্রেমীর।


