রণজয় বিষ্ণু
রণজয় বিষ্ণু

দীপাবলির আনন্দের মাঝেই উদ্বেগ, হাসপাতালে ভর্তি টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু!

Bengal Liberty : উৎসবের মরশুমে যখন চারদিকে আলোর রোশনাই, তখন হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। কিন্তু কী এমন শারীরিক সমস্যা দেখা দিল অভিনেতার, যার জেরে বন্ধ রাখতে হল শ্যুটিংও? সমাজমাধ্যমে তাঁর হাসপাতালের ছবি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

জানা যাচ্ছে, বেশ কয়েক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না রণজয়ের। জ্বর কিছুতেই পিছু ছাড়ছিল না। অসুস্থতা নিয়েই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা। কিন্তু ওষুধ খেয়েও বিশেষ লাভ হয়নি। ধীরে ধীরে শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় গত তিন দিন শ্যুটিং থেকে বিরত থাকতে হয় তাঁকে। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

শুধু জ্বর নয়, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যার কথাও আগেই জানিয়েছিলেন অভিনেতা। যদিও ঠিক কী কারণে তাঁর এই শারীরিক পরিস্থিতি, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকেরা একাধিক পরীক্ষা করছেন। আপাতত তাঁদের পর্যবেক্ষণেই রয়েছেন রণজয়।

এদিকে, হাসপাতাল থেকেই অনুরাগীদের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। বুঝিয়ে দিয়েছেন, এবারের উৎসব তাঁর কাছে একেবারেই অন্য রকম। একই সঙ্গে জানিয়েছেন, আপাতত তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা কঠিন হতে পারে।

কাজ সংক্রান্ত কোনও বিষয়ে তাঁর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন অভিনেতা।

পর্দায় যাঁকে নিয়মিত দেখতে অভ্যস্ত দর্শক, সেই অভিনেতার অসুস্থতার এমন খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। দ্রুত সুস্থ হয়ে রণজয় আবারও কাজে ফিরুন, এখন সেই কামনাই করছেন তাঁর অনুরাগীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।