Bengal Liberty: দীর্ঘ ৪০ ঘণ্টার উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ থাকার পর শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলো জাতীয় স্তরের উঠতি রাইফেল শ্যুটার দময়ন্তী সেনকে।

ঘটনার প্রেক্ষাপট (Damayanti Sen)
বৃহস্পতিবার সকালে কেনাকাটার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল ১৫ বছরের এই কিশোরী। সঙ্গে মোবাইল ফোনও নেয়নি সে। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলেও তারপর থেকে কোনো খোঁজ মিলছিল না। দময়ন্তীর সন্ধানে হাওড়া পুলিশ কমিশনারেট বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ নিজে পুরো বিষয়টি তদারকি করছিলেন।
কীভাবে খোঁজ মিলল? (Damayanti Sen)
শনিবার ভোরে রামকৃষ্ণপুর ঘাট এলাকায় দময়ন্তীকে বসে থাকতে দেখে স্থানীয় এক প্রাতঃভ্রমণকারীর সন্দেহ হয়। তিনি দ্রুত দময়ন্তীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই তার বাবা ধ্রুবজ্যোতি সেন সেখানে ছুটে যান এবং মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজ থাকার সময় দময়ন্তী হাওড়া থেকে শ্রীরামপুরসহ বিভিন্ন জায়গায় ঘুরেছিল এবং শেষ পর্যন্ত হাওড়ায় ফিরে আসে।
আরও খবর

পরিবারের প্রতিক্রিয়া (Damayanti Sen)
মেয়েকে ফিরে পাওয়ার পর দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “আমি শুধু ওকে জিজ্ঞেস করেছি— মা, তুই কী চাস? মেয়ে সুস্থ আছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া।” সোশ্যাল মিডিয়ায় দময়ন্তীর মা মৌমিতা রায় সেন এবং কোচ জয়দীপ কর্মকার এই খবর শেয়ার করে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
মেয়ে কেন বা কীভাবে এমনটা করল, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না পরিবার। আপাতত দময়ন্তী শারীরিকভাবে সুস্থ রয়েছে বলেই জানিয়েছে সেন পরিবার। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


