Bengal Liberty: তদন্ত চলাকালীন তাঁর ব্যক্তিগত তথ্য, তদন্তের অগ্রগতি এবং তদন্ত সংক্রান্ত প্রশ্ন সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের গোপনীয়তার অধিকার দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশ তথা তদন্তকারী সংস্থা এবং কয়েকটি সংবাদমাধ্যমের মাধ্যমে তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে।
এতে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, একই সঙ্গে তাঁর সুনাম, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ তোলেন অভিষেক। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার স্মরণ করিয়ে দিয়ে আদালতের কাছে এই ধরনের সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
যদিও এখনই তৃণমূল সাংসদের আবেদনে সাড়া দেয়নি আদালত। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি ছেড়ে দেন। তিনি জানান, বর্তমান অবস্থায় মামলাটি খারিজ করছি না। এখানে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাই উপযুক্ত বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিচারপতি।
আরও খবর
মামলায় অভিষেকের দাবি, তাঁর বিরুদ্ধে চলা তদন্তের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অনুমাননির্ভর ও চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। গত ১১ জুন ভবানী ভবনে তাঁকে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা কী প্রশ্ন করেছেন, সেই তথ্যও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তাঁর দাবি।
অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিদেশযাত্রা, ব্যক্তিগত ও বৈবাহিক জীবন নিয়েও এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং সুনামের অধিকার লঙ্ঘিত হচ্ছে অভিষেকের।


