Bengal Liberty
বেঙ্গালুরের জেলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠল ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে। জেলের ভিতরে তাঁর কাছে কী ভাবে মোবাইল পৌঁছল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে জেলের সহকারী সুপার ইরান্না রাঙ্গাপুরকে সাসপেন্ড করা হয়েছে। জেল সুপার আনসুচ কুমারকে পাঠানো হয়েছে শো-কজ নোটিস।

জেলের ভিতর মোবাইল Prajwal Revanna
সূত্রের খবর, জেলে আচমকা তল্লাশি চালাচ্ছিলেন অপরাধদমন শাখার আধিকারিকেরা। সেই সময় প্রজ্বলকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় বলে অভিযোগ। এরপরই ফোনটি বাজেয়াপ্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল গত বছর আগস্টে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। হোলেনারসিপুরায় রেভান্না পরিবারের বাগানবাড়িতে কাজ করা ৪৮ বছরের এক মহিলাকে দীর্ঘদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। বেঙ্গালুরুর বাসভবনেও নির্যাতনের অভিযোগ ওঠে প্রজ্বলের বিরুদ্ধে।
আরও খবর

২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাসন কেন্দ্র থেকে জেডিএসের প্রার্থী হয়েছিলেন প্রজ্বল। ভোটের আগে একটি পেনড্রাইভ প্রকাশ্যে আসে। যেখানে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক ভিডিয়ো থাকার অভিযোগ ওঠে। ভিডিয়োগুলি ছড়িয়ে পড়ার পর তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। এবার জেলের ভিতরে মোবাইল ব্যবহারের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কে প্রজ্বল। কী ভাবে তাঁর কাছে ফোন পৌঁছল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


