Bengal Liberty : হাফ ছেড়ে বাঁচলেন কুণাল ঘোষ! অবশেষে বাড়তি পুলিশি নিরাপত্তা পেতে চলেছেন তৃণমূল বিধায়ক। তাঁর উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে কুণাল ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূল বিধায়কের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, ডিম ছোড়ার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার সঙ্গে কুণাল ঘোষের অভিযোগেরও শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ার কাছে কুণাল ঘোষের গাড়ি আটকে হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁর অভিযোগ, গাড়ি ঘিরে ধরে ইট, পাথর ও ডিম ছোড়া হয়। এই ঘটনার পরের দিন নিজের বিধানসভা এলাকাতেও কুণাল ঘোষের গাড়িকে কয়েকটি বাইক অনুসরণ করে বলে অভিযোগ। এর পর তাঁকে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন তৃণমূল বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
আদালতে কুনাল ঘোষ
আদালতে কুণাল ঘোষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। দু’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে রাজ্যের কাছে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কুণাল ঘোষের বক্তব্য, দু’জন নিরাপত্তারক্ষীর পক্ষে সব ধরনের হুমকি সামাল দেওয়া সম্ভব নয়। বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকী, তাঁর গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরও খবর
কুণাল ঘোষ আরও দাবি করেন, একসময় তাঁকে ওয়াই-ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত। কিন্তু বর্তমানে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে, এক প্রাক্তন বিধায়ক অন্য দলে যোগ দেওয়ার পর সশস্ত্র নিরাপত্তা পাচ্ছেন বলেও আদালতে উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারপতি। একইসঙ্গে, ডিম ছোড়ার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার সঙ্গে কুণাল ঘোষের অভিযোগেরও শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে বলে জানানো হয়েছে।


