Bengal Liberty : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ এবং তাঁর আমলে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা তৃণমূল। সোমবার এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলপন্থী আইনজীবী মেনকা গুরুস্বামী। আদালত জানিয়েছে, চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) সংক্রান্ত মামলার সঙ্গেই এই আবেদনের শুনানি হতে পারে।
জ্ঞানেশের নিয়োগ ও কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
নির্বাচন কমিশনার নিয়োগের আইন সংশোধনের পর মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পান জ্ঞানেশ কুমার। তাঁর নিয়োগের বিরোধিতা করেছিল বিরোধী দলগুলি। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গেও বহু ভোটারের আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে। এরই মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত জ্ঞানেশ একতরফাভাবে নিচ্ছেন। বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশীর আপত্তিও নাকি উপেক্ষা করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর জ্ঞানেশের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন আরও জোরদার হয়। এরপর তাঁর নিয়োগ ও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তৃণমূল।
কমিশনের কাজকর্ম ও আইন মেনে চলার প্রশ্ন
মমতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের করা মামলায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের কাজকর্ম এবং মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মামলায় বাকি দুই নির্বাচন কমিশনারকেও যুক্ত করা হয়েছে। সোমবার আইনজীবী মেনকা গুরুস্বামী দ্রুত শুনানির আবেদন জানান। তাঁর বক্তব্য, এই মামলায় নির্বাচন কমিশনের কাজের ধরন, মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং আইন মেনে কাজ না করলে তার কী পরিণতি হতে পারে, সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে।
আরও খবর
পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত পৃথক মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন। চলতি সপ্তাহে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আদালত জানিয়েছে, জ্ঞানেশের নিয়োগ ও সিদ্ধান্ত সংক্রান্ত মামলাটিও এসআইআর মামলার সঙ্গে যুক্ত করে একসঙ্গে শুনানি করা হবে।


