Subhankar Sarkar
Subhankar Sarkar

পুরভোটের আগে ভোটার তালিকা প্রকাশের দাবি কংগ্রেসের! CEO-কে চিঠি শুভঙ্করদের

Bengal Liberty : আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের আগে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশের দাবি জানাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। এই মর্মে ২৬ অক্টোবর মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে লিখিত আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশেই এই আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

আবেদনে কলকাতা পুরসভা নির্বাচনের জন্য প্রযোজ্য সর্বশেষ ভোটার তালিকার ডিজিটাল প্রতিলিপি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সরকারি ওয়েবসাইট এবং ভারতের নির্বাচন কমিশনের ভোটার পরিষেবা পোর্টালে প্রকাশের আর্জি জানানো হয়েছে। কংগ্রেসের বক্তব্য, স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে মুদ্রিত ভোটার তালিকা সরবরাহ করা হলেও, একই তালিকা অনলাইনে প্রকাশ করা হলে সাধারণ ভোটার, রাজনৈতিক দল এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের পক্ষে নির্বাচনী তথ্য যাচাই করা আরও সহজ হবে।

কংগ্রেসের দাবি, ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করা হলে নির্বাচনী স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি, ভোটাররা নিজেদের নাম ও অন্যান্য নির্বাচনী তথ্য যাচাই করার সুযোগ পাবেন। তালিকায় কোনও ভুল, একই ব্যক্তির একাধিক নাম নথিভুক্ত হওয়া কিংবা যোগ্য ভোটারের নাম বাদ পড়ার মতো অসংগতি চিহ্নিত করতেও সুবিধা হবে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, ভোটার তালিকাগুলি বিধানসভা কেন্দ্র, ওয়ার্ড এবং ভোটগ্রহণ কেন্দ্র অনুযায়ী সাজিয়ে PDF ফরম্যাটে ডাউনলোডের উপযোগী করে প্রকাশ করা হোক। সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের বিবরণ ও পার্ট নম্বরও উল্লেখ করার দাবি জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি, সরকারি ওয়েবসাইটে একটি নির্দিষ্ট বিভাগ বা লিঙ্ক তৈরির আবেদন জানানো হয়েছে, যাতে সহজেই এলাকাভিত্তিক প্রয়োজনীয় ভোটার তালিকা খুঁজে পাওয়া যায়।

কংগ্রেসের বক্তব্য, নির্বাচনের আগে সময়মতো ভোটার তালিকা প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সব পক্ষ আগেভাগেই তথ্য যাচাই করতে পারবে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ার পাশাপাশি গণতান্ত্রিক অংশগ্রহণও আরও জোরদার হবে। প্রযোজ্য আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।