Suvendu Adhikari
Suvendu Adhikari

‘জয় বাংলা’ বাংলাদেশের স্লোগান, তমলুক থেকে নাম না করে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশ থেকে ধার করা! তমলুক থেকে এই মন্তব্য করে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকার পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছিল। সোমবার তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির নতুন কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান শুভেন্দু।

কাকগেছিয়ায় বিজেপির নতুন কার্যালয়ের ভূমিপুজোয় উপস্থিত থেকে আচার-অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুর বক্তব্য, আগের সরকারের আমলে এমন কিছু স্লোগান তৈরি ও প্রচার করা হয়েছিল, যেগুলির সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। ‘জয় বাংলা’ স্লোগানটিকে বাংলাদেশের স্লোগান বলে উল্লেখ করে পূর্বতন সরকারের বিরুদ্ধে রাজ্যের স্বার্থবিরোধী নীতি গ্রহণের অভিযোগ তোলেন তিনি।

এদিন রাজ্যে পালাবদলের পর তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘উনি’ বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, ৮০ জন বিধায়ক জিতেও তিনি তাঁদের ধরে রাখতে পারেননি। ৮০ জন বিধায়কের মধ্যে কারও বিরোধিতা থাকলে, তার দায় কি তাঁর? একই ভাবে ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন সঙ্গ ছেড়ে গেলে, তার দায়ও কি তাঁর উপর বর্তায়?—প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

তমলুকের দলীয় কার্যালয়ের ভূমিপুজোকে ঘিরে এদিন বিজেপির সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও তৃণমূলের নেতৃত্বকে নিশানা করেই বক্তব্য রাখেন শুভেন্দু। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।