Bengal Liberty : উৎসবের মরশুমে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গে। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে উদ্ধার হল দুটি রিভলভার-সহ অন্তত ১৫০ রাউন্ড তাজা কার্তুজ। স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েল আন্ডারপাসের পাশে পুলিশ আউটপোস্টের কাছেই পড়ে ছিল সন্দেহজনক একটি ব্যাগ। স্থানীয় বাসিন্দা নিতাই শীলের নজরে আসে ব্যাগটি। সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর ব্যাগটি খুলতেই তার ভিতর থেকে উদ্ধার হয় দুটি রিভলভার-সহ একাধিক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ। কে বা কারা ওই ব্যাগ সেখানে রেখে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখযোগ্যভাবে, গত ২৬ অক্টোবরও নিউ জলপাইগুড়ি স্টেশনে আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করেছিল পুলিশ। বিবেক এক্সপ্রেসে স্কুলব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার সময় বিহারের দুই যুবক রোহন কুমার ও গুড্ডু কুমারকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই স্টেশন চত্বর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ।
দীপাবলির দিনই রাজ্যে মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতার প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। গত এক মাসে বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশকে বাহবা দিয়েছিলেন তিনি। এর মধ্যেই ফের এই অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
আরও খবর
বিশেষত, এখন পর্যটনের মরশুম। ছুটির সময়ে পাহাড়মুখী মানুষের ভিড় বাড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রতিদিন বহু পর্যটক ও সাধারণ মানুষ এই স্টেশন ব্যবহার করেন। এমন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্টেশন চত্বরে এতগুলি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কীভাবে এল? এর পিছনে কি কোনও বড়সড় পাচারচক্র কাজ করছে, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে অন্য কোনও অপরাধমূলক উদ্দেশ্য? এমনকি নাশকতার কোনও পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।


