Bengal Liberty: বোলপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন পর্ণা ঘোষ। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গত ১৯ জুন বোলপুরের মহকুমা শাসক অনিমেষ মান্নার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, আগামী সোমবার তিনি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিতে পারেন।
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার রাজনীতিতে পর্ণা ঘোষকে দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। ২০২০ সালে তৎকালীন চেয়ারম্যান সুশান্ত ভক্তকে সরিয়ে তাঁকে বোলপুর পুরসভার চেয়ারম্যান করা হয়েছিল।

বোলপুর পুরসভায় বড়সড় রদবদলের জল্পনা (Parna Ghosh)
পর্ণা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক এবং জেলা কোর কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, পুরসভার বিভিন্ন সিদ্ধান্তে তাঁর প্রভাব ছিল উল্লেখযোগ্য। এছাড়াও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
আরও খবর
এই পরিস্থিতিতে পর্ণা ঘোষের পদত্যাগ ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তিনি অসুস্থতাকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে বিরোধীদের একাংশের দাবি, সাম্প্রতিক বিতর্ক এবং স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত। তবে এই দাবির পক্ষে এখনও কোনও সরকারি বা নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি।



