Bengal Liberty: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে নয়াদিল্লিতে আসছে কিছুক্ষণের ব্যবধানেই। তার আগে যাবতীয় সতর্কতা নিয়েছে ভারত। কার্যত দূর্গে পরিণত হয়েছে দিল্লি। নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁক রাখা হচ্ছে না। সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্টের জন্য পাঁচস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রস্তুতি নেওয়া হয়েছে। স্নাইপার, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নজরদারির ব্যবস্থা থাকছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এদেশে আসছেন তিনি। এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করে।২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য দু’দিনের ভারত সফরে আসছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এদেশে দেশে পা রাখবেন রুশ প্রেসিডেন্ট এমনটাই জানা গেছে।
নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? (Vladimir Putin)
সূত্রের খবর পুতিনের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে প্রস্তুত করা হয়েছে পাঁচস্তরীয় নিরাপত্তাবলয়। ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার এবং এআই মনিটরিং করার ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত অফিসাররাও উপস্থিত থাকবেন বলেই জানা গেছে। পুতিনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার শীর্ষস্তরের অন্তত ৫০ জন নিরাপত্তাকর্মী ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। দিল্লি পুলিশ এবং এনএসজির আধিকারিকদের সঙ্গে তাঁরা রুশ রাষ্ট্রপতির যাওয়া প্রতিটি রুট খতিয়ে দেখছেন। প্রেসিডেন্ট নিরাপত্তার জন্য যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, তা সবসময় তাঁর কনভয়ের ওপর নজর রাখবে। থাকছে বিশেষ ড্রোন। বেশ কয়েকটি স্নাইপার প্রেসিডেন্টের আসন্ন রুটটি কভার করবে। জ্যামার, এআই মনিটরিং এবং ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা (FRC) থাকবে।
আরও খবর
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন পুতিন। শুক্রবার রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর হায়দরাবাদ হাউসে ভারত-রাশিয়া শীর্ষ বৈঠক এবং ভারত মণ্ডপমে একটি অনুষ্ঠানে যোগ দেবেন পুতিন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। বিশেষত, পাকিস্তানকে সায়েস্তা করা ‘সুদর্শন চক্র’ এস-৪০০ নিয়ে নয়া চুক্তির বিষয়ে কথা হবে বলেও খবর।


