Bengal Liberty
রক্ষাকবচের আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেফতারিতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও স্বস্তিতে নেই সুমিত । একাধিক এফআইআর রয়েছে তার বিরুদ্ধে। কার্যত আইনি রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিষেকের আপ্ত সহায়ক।
সূত্রের খবর, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন সুমিতের আইনজীবীরা। কিন্তু সেই আবেদন গ্রহণ করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই মুহূর্তে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির মতো পরিস্থিতি তৈরি হয়নি। নিয়ম মেনেই পরবর্তী সময়ে মামলাটি তালিকাভুক্ত হলে শুনানি হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

কেন ফের আদালতের দ্বারস্থ সুমিত? Sumit Roy
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সুমিত রায়। তবে পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় জমি জালিয়াতি সংক্রান্ত মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। এরপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গতকাল শীর্ষ আদালত শালবনি জমি মামলায় সুমিত রায়ের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। তবে তদন্তে সহযোগিতা করার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। পাশাপাশি, আরও চারটি এফআইআর রয়েছে সুমিতের বিরুদ্ধে বলে জানা গিয়েছে। ফলে একাধিক মামলায় গ্রেফতারির আশঙ্কা থেকেই ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত।
আরও খবর

কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তের প্রয়োজনে সুমিতকে হাজিরা দিতে হবে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর সঙ্গে একজন আইনজীবী থাকতে পারবেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে তদন্তের জন্য ডাকা যাবে। তবে এই সময়ের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরও সুমিত রায়ের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলি নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। সেই কারণেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচের আবেদন করেছেন তিনি।


