Cyber security
Bengal Liberty: সরকারি সাইবার সুরক্ষা অ্যাপ ‘সঞ্চার সাথী’-র ব্যবহার বাধ্যতামূলক করতে এবার মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে আগে থেকেই ওই অ্যাপ ইনস্টল করে রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক প্রতিবেদন সূত্রে খবর, মোবাইল নির্মাণকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রের পরামর্শ, এমনভাবে অ্যাপটিকে রাখতে হবে যাতে মোবাইল কেনার পর গ্রাহকরা অ্যাপটি আনইনস্টল করে ফেলতে না পারেন। যদিও নির্দেশিকাটি জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলেই সূত্রের খবর।
সরকারি ভাবে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য মেলেনি। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, অ্যাপ্ল, স্যামসাং, শাওমি, ভিভো-সহ শীর্ষ সংস্থাগুলিকে ২৮ নভেম্বর নির্দেশ পাঠানো হয়েছে। নতুন মোবাইলে প্রি-ইনস্টল ‘সঞ্চার সাথী’ নিশ্চিত করতে ৯০ দিনের সময়ও দেওয়া হয়েছে। বাজারে ইতিমধ্যেই থাকা মোবাইলগুলিতেও সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি আটোমেটিক ইনস্টল করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
চলতি বছরের শুরুতে চালু হওয়া টেলিযোগাযোগ মন্ত্রকের এই অ্যাপটিকে সাইবার সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বলেই মনে করে কেন্দ্র। হারানো মোবাইল খুঁজে পেতেও অ্যাপটি বড় ভূমিকা রাখছে। সরকারি হিসাবে এ বছর সাত লক্ষেরও বেশি হারানো মোবাইল ‘সঞ্চার সাথী’-র সাহায্যে উদ্ধার হয়েছে। শুধু অক্টোবর মাসেই প্রায় ৫০ হাজার ফোন পুনরুদ্ধার করা গিয়েছে।
তবে অ্যাপ্লের ক্ষেত্রে জটিলতা থেকেই যাচ্ছে। সংস্থার নীতি অনুযায়ী, তারা নিজস্ব অ্যাপ বাদে কোনও থার্ড-পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করে না। অতীতে বিভিন্ন দেশের অনুরোধও তারা প্রত্যাখ্যান করেছে। ফলে কেন্দ্রের নতুন নির্দেশে অ্যাপ্ল কী অবস্থান নেবে, তা এখনও অনিশ্চিত।
