PM Modi Speech
Bengal Liberty : টানা ১২ বছর প্রধানমন্ত্রী পদে থাকার ঐতিহাসিক রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ (NDA) নেতাদের বৈঠকে এই দীর্ঘ সফরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। তবে তাঁর বক্তব্যের মূল নিশানা ছিল কংগ্রেস। মোদী দাবি করেন, কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে ‘হিন্দু গ্রোথ রেট’-এর নাম করে হিন্দুদের জনসংখ্যাকে দোষ দিত। বিজেপি সেই কুচক্র ভেঙে দেশকে আত্মনির্ভর করেছে।
কংগ্রেসের নীতি ও ‘হিন্দু গ্রোথ রেট’ নিয়ে আক্রমণ (PM Modi Speech)
প্রধানমন্ত্রী মোদি বলেন, ২০১৪ সালের আগে দেশে চরম রাজনৈতিক অস্থিরতা ছিল। কংগ্রেস দেশের মানুষকে কেবল বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছে। তিনি তীব্র খোঁচা দিয়ে বলেন, “কংগ্রেস নিজেরা দেশের উন্নয়ন করতে পারেনি। অথচ চালাকি করে ব্যর্থতার নাম দিয়েছিল ‘হিন্দু গ্রোথ রেট’। দোষ চাপাত হিন্দু জনসংখ্যার ওপর।” মোদি জানান, সেই নেতিবাচক মানসিকতা থেকে আজ দেশ বেরিয়ে এসেছে।

১২ বছরে ভারতের আত্মনির্ভরতার খতিয়ান (PM Modi Speech)
বৈঠকে ২০১৪ সালের তুলনায় ২০২৬ সালের ভারতের এক বিশাল তুলনামূলক ছবি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
২০১৪ সালে অধিকাংশ মোবাইল বিদেশ থেকে আসত। আজ দেশেই তৈরি হচ্ছে ৩৩ কোটিরও বেশি মোবাইল হ্যান্ডসেট। ডিজিটাল লেনদেনেও ভারত বিশ্বে শীর্ষে। আগে সৌরবিদ্যুৎ ক্ষমতা ছিল মাত্র ২.৫ গিগাওয়াট, আজ তা ১৫০ গিগাওয়াট পার করেছে। আগে একটিও সেমিকন্ডাক্টর ইউনিট ছিল না, আজ ১০টিরও বেশি তৈরি হচ্ছে। পেট্রোলে ইথানল মিশ্রণের হার ১.৫ শতাংশ থেকে বাড়িয়ে আজ ২০ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে। কর ব্যবস্থা সহজ করায় এবং জিএসটি (GST) সংস্কারের ফলে দেশের অর্থনীতি ও মধ্যবিত্তরা বড় লাভ পেয়েছে। ২০২৫ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে ৭.৭%।

উন্নয়নের মূল স্রোতে সবাই (PM Modi Speech)
মোদীর দাবি, গত ১২ বছরে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে মুক্ত হয়ে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হয়েছেন। যুবকদের জন্য আলাদা ‘স্কিল ডেভেলপমেন্ট’, মৎস্যজীবীদের জন্য পৃথক মৎস্য মন্ত্রক এবং ছোট ব্যবসায়ীদের জন্য ‘স্বনিধি’ ঋণ চালু করা হয়েছে।
তিনি সাফ জানান, “আমাদের নীতি স্পষ্ট— এই উন্নয়ন যাত্রায় যেন কেউ পিছিয়ে না পড়ে। দলের চেয়ে আমাদের কাছে দেশ সব সময় প্রথম।”

