Gita path with five-lakh-voices
Bengal Liberty: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত শাসক-বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দল। তবে বছর শেষে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের গীতাপাঠের আয়োজন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর আয়োজন করা হয়েছে। অভূতপূর্ব এই ধর্মীয় সমাবেশের প্রস্তুতি এখন তুঙ্গে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, যা শুধু বাংলায় নয়, গোটা ভারতেই এই প্রথম এত বড় পরিসরে গীতাপাঠের উদ্যোগ বলে দাবি আয়োজকদের। তবে এটাই প্রথম নয় এই নিয়ে তৃতীয়বার এই গীতাপাঠের আয়োজন বাংলায়।

আগে কবে ও কোথায় হয়েছিল এই গীতাপাঠ?
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২০২৩ এর ডিসেম্বরে ব্রিগেড ময়দানে লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। ব্রিগেডের ওই কর্মসূচির ঠিক এক বছরের মাথায় বিগত বছর ডিসেম্বরে শিলিগুড়ির কাওয়াখালি মাঠে লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকেও অনেক মানুষের সমাগম ঘটেছিল গীতাপাঠের অনুষ্ঠানে। হাজির হয়েছিলেন বিজেপির নেতা-নেত্রীরাও।
নেতৃত্বে ও অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন?(gita path)
জানা গিয়েছে, পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা। সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যোগগুরু বাবা রামদেবকে। বিশেষ অতিথির তালিকায় রয়েছেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী। রাজ্যের বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্বকেও আমন্ত্রণ করা হয়েছে অনুষ্ঠানে যোগদানের জন্য বলে খবর সূত্রের।

অনুষ্ঠানের উদ্দেশ্য(gita path)
আয়োজক সংস্থার দাবি, বাংলা বরাবরই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। সাম্প্রতিক কালে সমাজের মধ্যে বিভাজন, উত্তেজনা ও অনিশ্চয়তার আবহে গীতার শিক্ষাই মানুষের মধ্যে শান্তি, স্থিরতা ও মানবিক মূল্যবোধের জন্ম দিতে পারে। তাই বিপুল জনসমাগমের মাধ্যমে গীতার সারবত্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই হাজার হাজার গীতা-অনুরাগী অনুষ্ঠানে যোগদানের কথা জানিয়েছেন।শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহাসিক এই গীতাপাঠে অংশ নেবেন কয়েক লক্ষ মানুষ, আশাবাদী আয়োজকরা।
প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা (gita path)
বর্তমানে ব্রিগেড ময়দানে চলছে জোরকদমে প্রস্তুতি। বিশাল মূল মঞ্চের নির্মাণ একেবারে শেষ পর্যায়ে। বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। বিপুল সংখ্যক ভিড় সামলাতে রয়েছে বিশেষ পরিকল্পনা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা থেকে। পূর্বে দুটি গীতাপাঠের অনুষ্ঠানের মতো এবারও বিজেপির নেতা-নেত্রীরা গীতাপাঠের অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত,(gita path)
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার হিন্দু ভোটকে একত্রিত করার কথা বলেছেন। হিন্দু ভোটকে একত্রিত করতে পারলেই ছাব্বিশের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। এখন প্রশ্ন হল, লোকসভা হোক কিম্বা বিধানসভা, বেছে বেছে ভোটের আগেই কেন বারেবার এই গীতাপাঠের আয়োজন? এই কর্মসূচি কি আগামী নির্বাচনে হাতিয়ার করতে চাইছে বিজেপি? তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
Gita path with five-lakh-voices

