Sujay Krishna Bhadra get Bail from Calcutta High court
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: নিয়োগ দুর্নীতি এবার সিবিআইয়ের (CBI) মামলায় জামিন পেলেন জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’। একাধিক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি।
কলকাতা হাই কোর্টের শর্তাবলী

CBI-র মামলায় (CBI) এদিন জামিন দিয়ে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) বেশ কয়েকটি শর্ত বেঁধে দেয়। জানানো হয়েছে, কোনও প্রয়োজনে কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। বিশেষ আদালতের প্রত্যেক শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে। কোনও নথিপত্র কিংবা তথ্য বিকৃত করতে পারবেন না ‘কালীঘাটের কাকু’। সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। জামিন পেলেও আপাতত পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে তাঁকে। ফোন নম্বর জানাতে হবে সিবিআই ও আদালতকে। প্রমাণ নষ্ট করা যাবে না। এছাড়া জামিন পেলেও কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। এই শর্তগুলি না মানলে জামিন বাতিল করে দিতে পারবে নিম্ন আদালত। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রথমে গ্রেফতার করে ইডি। পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির কয়েকশো কোটি টাকা লেনদেন প্রায় সবই জানা ছিল তাঁর।ইডির গোয়েন্দাদের মতে, সুজয়কৃষ্ণর যে তিনটি সংস্থার সন্ধান পাওয়া যায়, সেগুলির মাধ্যমেই নিয়োগ দুর্নীতির বিপুল কালো টাকা সাদা করা হয়েছে। সে কারণে তাকে জেলবন্দি করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সৃজয়কৃষ্ণ গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালেও কেটেছে তাঁর। শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন পান সুজয়কৃষ্ণ। অন্তর্বর্তী জামিনের শর্তে বলা ছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কারণে বাড়ির বাইরে বেরতে পারবেন না তিনি। বাইরের কারও সঙ্গে তিনি দেখাও করতে পারবেন না। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। তবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সুজয়কৃষ্ণবাবুকে জামিনের একাধিক শর্ত বেঁধে দিয়েছিলেন। এতদিন অন্তর্বর্তী জামিনে থাকার পর এবার ইডি ও সিবিআইয়ে গ্রেফতারিতে শর্তাধীন জামিন পেলেন কালীঘাটের কাকু।
