Humayun kabir
Bengal liberty: নিরাপত্তার চাদরে মোড়া ছিল মুর্শিদাবাদের বেলডাঙা-রেজিনগর। একাধিক জায়গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প, অশান্তি এড়াতে টহলদারি, কড়া ব্যবস্থা। এসবের মধ্যেই রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করে পশ্চিমবঙ্গে হয়ে গেল বাবরি মসজিদের শিলান্যাস। আর এ বার মসজিদ শিলান্যাসের মঞ্চ থেকেই আরও একবার সুর চড়ালেন দল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ।
মমতাকে নিশানা হুমায়ুনের (Humayun kabir)
রেজিনগরের সভা থেকে তীব্র আক্রমণ শানিয়ে হুমায়ুন বলেন, ‘২০১১ সালে তৃণমূলের ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন। ২০১৬-তে কমিয়ে করলেন ৫৭। ২০২১-এ সেটাও নামিয়ে আনলেন ৪৪ জনে ‘। ৮ ডিসেম্বর, আগামী সোমবারই নিজের নতুন দল ঘোষণার কথা বলে দিয়েছেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদ থেকেই ঘোষণা হবে দল। আর সেই দল থেকে প্রার্থী হবে বহু বিধানসভা কেন্দ্রে। তবে দল ঘোষণার আগেই ছাব্বিশের নির্বাচনে ৯০ আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আহ্বান জানিয়েছেন হুমায়ুন কবীর।
একইসঙ্গে হুমায়ুনের ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘২৯৪টি আসনের মধ্যে ২০৪ আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হোক। কে মুখ্যমন্ত্রী হবে, তাঁরা ঠিক করুন, তাঁরা ক্ষমতায় থাক। আমরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’।
অপরদিকে যে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে এত বিতর্কের আগুন, সেই মসজিদ নির্মান করতে সরকারি টাকা লাগবে না তা আগেই মন্তব্য করেছিলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন। এদিন মঞ্চ থেকে ফের একই কথা বললেন তিনি। হুমায়ুনের দাবি, বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা নাকি ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁকে। তাই মসজিদ নির্মাণে টাকার কোনও অভাব হবে না বলে এতটাই আত্মবিশ্বাসী হুমায়ুন।
শনিবার, রেজিনগরের সভা থেকেই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন ঘোষণা করলেন, ৩ কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ। ২৫ বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়। সব মিলিয়ে মসজিদ শিলান্যাসের দিনেও রাজনৈতিক তরজা অব্যাহত।

