Indigo Crisis
Bengal Liberty Desk, ৯ ডিসেম্বর, কলকাতা: জানা গিয়েছে, দেশজুড়ে টানা কয়েক দিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের (Flight Cancelled) ধাক্কা সামলে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইন্ডিগো। আজ, মঙ্গলবার এক বিবৃতিতে ওই সংস্থার CEO পিটার আলবার্স (Pieter Elbers) জানিয়েছেন, অপারেশন এখন স্থিতিশীল এবং সংস্থার পরিষেবা ধীরে ধীরে আগের গতিতে ফিরতে শুরু করেছে। যাত্রীদের অসুবিধার জন্য ফের একবার ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
ইন্ডিগো বিপর্যয়ে কেন্দ্র ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, দিনে অন্তত ৫ শতাংশ বিমান, অর্থাৎ প্রায় ১১৫টি ফ্লাইট ইন্ডিগোর কাছ থেকে প্রত্যাহার করতে পারে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Indigo Flight News)। সেই আবহেই পিটার আলবার্স বলেন, “আমাদের তরফেই পরিষেবায বিঘ্ন ঘটেছিল – তার দায় স্বীকার করছি। কিন্তু এখন ইন্ডিগো আবার ঘুরে দাঁড়িয়েছে। আপনাদের ধৈর্য ও আস্থার জন্য ধন্যবাদ।”
আলবার্স জানান, গত ৫ ডিসেম্বর মাত্র ৭০০টি ফ্লাইট পরিচালনা করতে পেরেছিল ইন্ডিগো। কিন্তু পরের দিন থেকেই সংখ্যা বাড়তে শুরু করে। কতটা, সেই পরিসংখ্যাও দিয়েছেন তিনি-
৬ ডিসেম্বর: ১,৫০০
৭ ডিসেম্বর: ১,৬৫০
৮ ডিসেম্বর: ১,৮০০-এর বেশি
বর্তমানে: প্রতিদিন ১,৮০০-র বেশি ফ্লাইট
বিমান সংস্থাটির CEO-র দাবি, বর্তমানে নেটওয়ার্কের ১৩৮টি গন্তব্যেই পরিষেবা ফের স্বাভাবিক। অন-টাইম পারফরম্যান্সও আগের পর্যায়ে ফিরে এসেছে। তাঁর আরও বক্তব্য, যে যাত্রীদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের ‘নো কোয়েশ্চনস আস্কড’ নীতি অনুযায়ী পুরো টিকিটমূল্য ফেরত দেওয়া হয়েছে। যাঁরা এয়ারপোর্টে আটকে পড়েছিলেন, তাঁদের জন্য বিশেষ সহায়তা, থাকা খাওয়া এবং মালপত্র ফেরত দেওয়ার কাজও চলছে।

এদিকে সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র।মঙ্গলবার, ইন্ডিগো বিপর্যয়ের আবহে NDA সাংসদদের বৈঠকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) NDA-এর সাংসদদের উদ্দেশে মোদি জানিয়েছেন, ‘সরকার দ্বারা লাগু করা নিয়মনীতির জন্য আম জনতার যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে।’ প্রধানমন্ত্রীর এই বার্তার কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা হিসেবে প্রতিদিন প্রায় ২৩০০টি বিমান পরিচালনা করে ইন্ডিগো। কিন্তু গত সাতদিন ধরে তাদের পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েন যাত্রীরা।
