SSC update
Bengal liberty: দেশের শীর্ষ আদালতের (Supreme Court) নির্ধারিত সময়সীমায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না স্কুল শিক্ষা দফতর (School Service Commission)। তাই শিক্ষক নিয়োগে এবার বাড়তি সময় চায় স্কুল সার্ভিস কমিশন। এই আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল SSC। নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও কিছুটা বাড়ানোর আবেদন জানানো হয়েছে বলে খবর।
নতুন নিয়োগে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর, ২০২৫। কিন্তু এখনও পর্যন্ত একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়াই শুরু হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত সময় চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ SSC। যোগ্য চাকরিহারাদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্তই বেঁধে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মেয়াদ বাড়ানোর আবেদনও সুপ্রিম কোর্টে করবে মধ্যশিক্ষা পর্ষদ।
এসএসসি নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী? (SSC update)
আজ, শুক্রবার নিউটাউনে নিজের বউ উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারে, তাই হয়তো কমিশন বাড়তি সময় চাইবে। কতদিন সময় চাইবে, সেটা নিয়ে SSC-র সঙ্গে আমার বৈঠক হয়েছে। অন্তত ১৫ দিনে সময় চাওয়া হবে।” শিক্ষামন্ত্রীর কথায়, SSC-র কাছে স্বচ্ছতা ও মেধাই একমাত্র লক্ষ্য।
সময়সীমা বাড়ানোর আর্জি এসএসসি চেয়ারম্যানের (SSC update)
এ দিন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “এখনও সব ক’টি বিষয়ের ইন্টারভিউ সম্পন্ন করা যায়নি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের আরও খানিকটা সময় লাগবে। তাই সময়সীমা খানিকটা বাড়ানোর আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।”
শিক্ষা দফতর সূত্রে খবর, SSC নবম-দশম শ্রেণীর নিয়োগের জন্য অতিরিক্ত সময় চাইছে তিন মাস৷ একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ১৫ দিন অতিরিক্ত সময় চাওয়া হচ্ছে। নভেম্বর মাসেই শেষ হয়েছে বাংলা ও ইংরাজির ইন্টারভিউ প্রক্রিয়া। কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের ইন্টারভিউ প্রক্রিয়া এখন চলছে।
এদিকে, শুক্রবারই SSC-র তরফে প্রকাশ করা হয়েছে নবম দশমের ফল। প্রায় ৪০ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করেছে SSC। ইংরেজিতে ডাক পেয়েছেন আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল। একাদশ-দ্বাদশ এবং নবম-দশম মিলিয়ে যদি কোনও যোগ্য শিক্ষক বাদ চলে যায়, তাহলে সেক্ষেত্রেও গুরুত্ব সহকারে দেখবে শিক্ষা দফতর।

