Mamata Suvendu on Messi trip Kolkata
Bengal Liberty Desk, ১৩ ডিসেম্বর, কলকাতা: যুবভারতীর রণক্ষেত্র পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এই চরম দুরবস্থার জন্য কাঠগড়ায় দাঁড় করালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে। যুবভারতীতে লিওনেল মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ মেসিপ্রেমীরা। উশৃঙ্খল পরিস্থিতি যুবভারতী স্টেডিয়ামে। মাঠের মধ্যে ঢুকে পরে হাজার হাজার দর্শক। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেফতারের দাবি করেন দর্শকরা। আর এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা রাজ্য রাজনীতি। যুবভারতীতে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। ফুটবল তারকা মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রীড়াঙ্গনে পৌঁছনোর আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘুরিয়ে নেন তিনি। শুভেন্দু অধিকারী তাঁর X হ্যান্ডেলে (Suvendu on Messi Kolkata trip chaos) ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর বিরুদ্ধে দর্শকদের দুরবস্থার জন্য দায়ী করেন।

শুভেন্দুর ট্যুইট (Suvendu on Messi Kolkata trip chaos)
প্রথমেই তিনি বলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর ব্যবসা, দর্শকদের দুরবস্থা। এদিনের পুরো পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মেসির গায়ে জোঁকের মতো চিটে রইলেন নেতা-মন্ত্রী-তারকারা, আর যাদের পিঠে কাঁঠাল ভেঙে মেসিকে দেখতে পাওয়ানোর লোভ দেখিয়ে হাজার হাজার টাকার টিকিট কাটানো হলো, সেই ফুটবলপ্রেমীদের ভাগ্যে জুটলো ৫-৭ মিনিটের জায়ান্ট স্ক্রিনের দর্শন !
প্রসঙ্গত,মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্ত পরিস্থিতি সামল দিতে ব্যার্থ হন। রণক্ষেত্র পরিস্থিতি টিকিটের টাকা ফেরত চাইছেন দর্শকরা। হাজার হাজার টাকা খরচ করে যাওয়া দর্শকদের স্টেডিয়ামের ভেতরে জল টাও কিনতে হয় মোটা অঙ্কের টাকায়।
এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ‘মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে পেলেন না দর্শকরা যাদের জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয় নি, বাধ্য করা হয় ২০ টাকার জল ২০০ টাকায় কিনতে। অথচ তৃণমূল নেতা মন্ত্রীরা ব্যবসা করে নিলেন এই সুযোগে। এদের থেকে শকুনও ভালো !’
দর্শকদের ইচ্ছা পূরণ না হওয়াকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে ব্যাখ্যা করে তিনি বেশ কিছু দাবি রাখেন,
১) গ্যালারির সমস্ত দর্শকদের ১০০% টিকিটের দাম ফেরত দিতে হবে।
২) ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে এই বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে গ্রেফতার করতে হবে।
৩) গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
‘ভোটের আগে লিওনেল মেসির সাথে ছবি তুলে ‘খেলা হবে’ করতে গেছিলেন ! উল্টে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে’ বলেন বিরোধী দলনেতা।
অপরদিকে সুকান্ত মজুমদার সার্বিক ঘটনায় প্রসঙ্গে বলেন ‘মেসি অল মেস”। তিনি আরও বলেন স্টেডিয়ামে যারা বোতল ও জল ছুঁড়ছিল তারাও তৃণমূলেরই লোক।
ভক্তদের দাবি, টাকা ফেরত না দিলেও এই ঘটনার সার্বিক তদন্ত হওয়া দরকার। পাশাপাশি ক্রীড়ামন্ত্রীর গ্রেফতারির দাবি তুলেছেন তাঁরা।
