BJP CM face Suvendu Adhikari
Bengal Liberty: বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? নির্বাচনের প্রাক্কালে এ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বুধবার বিরোধীদলনেতার উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। সাংবাদিকদের তিনি বলেন, ২০২৬ সালের T20 ওয়ার্ড কাপ সংক্রান্ত বিষয় নিয়ে আবারও বৈঠক হবে বিরোধী দলনেতার নেতৃত্বে।
এরপরই রাজ্যসভাপতির দিকে প্রশ্ন ধেয়ে আসে, তবে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? উত্তরে শমিক ভট্টাচার্য বলেন, “বিরোধীদলনেতা সকাল থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করেন, কোর্ট যান। এমনকী তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টাও হয়েছিল।” একইসঙ্গে তিনি আরও বলেন, বিজেপি ‘মুখোশের রাজনীতি’ করে না এবং এটি কোনও ব্যক্তি-কেন্দ্রিক দল নয়। কথার ভাঁজে তিনি স্পষ্ট করে দেন, দল পারফরম্যান্স দেখেই সিদ্ধান্ত নেয়। আর শুভেন্দু অধিকারীর পারফরম্যান্স দলের নজরে এসেছে।
তৃণমূলকে এক হাত শমিকের (BJP CM face Suvendu Adhikari)
এদিন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে শমিক ভট্টাচার্য বলেন, “তৃণমূল সরকার বলে আর কিছু নেই। যা আছে, তা হল ‘জীবাশ্ম জ্বালানি’। কেন্দ্র সরকার যে পরিমাণ টাকা রাজ্যকে দিয়েছে, তার অর্ধেকও তৃণমূল খরচ করতে পারেনি। এমনকি তারা ঠিক করতে পারছে না, কাকে দায়িত্ব দেওয়া উচিত।”
যুবভারতী কাণ্ড প্রসঙ্গে শমিকের বক্তব্য, মেসিকে আনার নামে করে ভোটের তহবিল জোগাড় করতে তৃণমূল প্রাতিষ্ঠানিক লুট চালিয়েছে।
শাসক শিবিরের ঘনিষ্ঠ ও নেতা-কর্মীদের তীব্র কটাক্ষ করে শমিক ভট্টাচার্য বলেন, “এরা পাড়ার টেনিসে পর্যন্ত পা রাখেনি, অথচ মেসির সঙ্গে ছবি তুলতে চলে গিয়েছে।”

