SSC update
Bengal liberty Desk, ১৮ ডিসেম্বর, কলকাতা: দেশের শীর্ষ আদালতের (Supreme Court) নির্ধারিত সময়সীমায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না স্কুল শিক্ষা দফতর। তাই শিক্ষক নিয়োগে বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। রাজ্য, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদে তরফে ওই সময়সীমাকে বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই এ বার পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বর নয়, আগামী বছর ৩১ অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন বর্তমানে কর্মরত ‘যোগ্য’রা, নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের (SSC update)।
২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই সময় বাড়াতে চেয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে।রাজ্যকে সেই অতিরিক্ত সময় মঞ্জুর করল শীর্ষ আদালত। নিয়োগ শেষ করতে আরও আট মাস সময় বেধে দেওয়া হল রাজ্যকে। কার্যত ছাব্বিশের নির্বাচনের আগে বড় স্বস্তি মিলল রাজ্য সরকারের। আর এই আট মাস যতদিন না নিয়োগ সম্পন্ন হচ্ছে, ততোদিন ‘যোগ্য’ শিক্ষকেরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন ও বেতনও পাবেন।
নতুন নিয়োগে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর, ২০২৫। কিন্তু এখনও পর্যন্ত একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়াই শুরু হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত সময় চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল SSC। যোগ্য চাকরিহারাদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্তই বেঁধে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মেয়াদ বাড়ানোর আবেদনই সুপ্রিম কোর্টে করে মধ্যশিক্ষা পর্ষদ।
SSC নিয়ে কী জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী? (SSC update)
উল্লেখ্য, ১২ ডিসেম্বর, গত শুক্রবার নিউটাউনে নিজের বউ উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারে, তাই হয়তো কমিশন বাড়তি সময় চাইবে। কতদিন সময় চাইবে, সেটা নিয়ে SSC-র সঙ্গে আমার বৈঠক হয়েছে। অন্তত ১৫ দিনে সময় চাওয়া হবে।” শিক্ষামন্ত্রীর কথায়, SSC-র কাছে স্বচ্ছতা ও মেধাই একমাত্র লক্ষ্য।
সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন SSC চেয়ারম্যান (SSC update)
SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, “এখনও সব ক’টি বিষয়ের ইন্টারভিউ সম্পন্ন করা যায়নি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের আরও খানিকটা সময় লাগবে। তাই সময়সীমা খানিকটা বাড়ানোর আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।”
এদিকে, গত শুক্রবারই SSC-র তরফে প্রকাশ করা হয় নবম দশমের ফল। প্রায় ৪০ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করেছে SSC। একাদশ-দ্বাদশ এবং নবম-দশম মিলিয়ে যদি কোনও যোগ্য শিক্ষক বাদ চলে যায়, তাহলে সেক্ষেত্রেও গুরুত্ব সহকারে দেখবে শিক্ষা দফতর (SSC update)।
