Mithun Chakraborty
Bengal Liberty Desk, ২৭ ডিসেম্বর, কলকাতা: চলতি বছরের অগাস্টে হুগলির রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি।পুলিশ-প্রশাসনের সঙ্গে সংঘাতে সরব হন বিরোধী নেতারা, যেখানে সিপিএমও (CPM) ছিল কার্যকর ভূমিকা নিয়ে। সেই মামলায় গত সপ্তাহে আগাম জামিনের আবেদন করতে আদালতের দ্বারস্থ হন সিপিএমের কয়েকজন নেতা। আর ঠিক সেখানেই ঘটল নাম-ভুলে এক মজার ঘটনা (Mithun Chakraborty)।
আদালতকক্ষে সিপিএম নেতাদের নাম একে একে ডাকা হচ্ছিল। প্রত্যেকে হাত তুলে উপস্থিতি জানান দিচ্ছেন। তালিকার একদম শেষে উচ্চারিত হল নাম— “মিঠুন চক্রবর্তী” (Mithun Chakraborty) । মুহূর্তেই বিচারকের অবাক প্রতিক্রিয়া। খানিক পরেই জিজ্ঞাসা করে ওঠেন “আরে! মিঠুন চক্রবর্তী? আপনি তো বিজেপিতে ছিলেন! সিপিএম হলেন কবে?”
কিন্তু তিনি যে সিনেমার সেই মহাগুরু নন, কিংবা প্রজাপতি-খ্যাত বলিউড-টলিউড তারকা নন। তিনি হুগলি জেলা কমিটির তরুণ সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (CPM Leader Mithun Chakraborty)। নাম ও পদবির মিলেই তৈরি হয় এই বিভ্রান্তি। আদালতকক্ষেও হাসির রেশ ছড়িয়ে পড়ে। মিঠুন বিনয়ের সঙ্গে জানান তিনি বরাবরই সিপিএম-নেতা ছিলেন ও আছেন, নামের মিল কেবলই কাকতালীয়। শুনানি শেষে আদালত মিঠুন চক্রবর্তী ও বাকি সিপিএম নেতাদের জামিন মঞ্জুর করে। তারপরই সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া চাওয়া হলে মিঠুন বলেন- “বিচারাধীন বিষয়ে মন্তব্য শোভন নয়।”
কেমন মানুষ এই সিপিএমের মিঠুন? (Mithun Chakraborty)
মিঠুন চক্রবর্তী রাজনীতির মাঠে সক্রিয় হলেও প্রচলিত ‘ভারি’ নেতা-ইমেজ নয় তার। বাইক চালিয়ে ঘোরা, ট্রেকিং, পর্যটকদের নিয়ে পাহাড়ের বরফে হাঁটা- সবই তার জীবনের অংশ। পেশায় তিনি ট্যুর কো-অর্ডিনেটর। পাহাড়ি রিল ও বলিউড গান মেশানো ট্রাভেল ভিডিও সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়।
আরও মজার মিল রয়েছে ঘটনাচক্রে। যেখানে তারকা মিঠুনের ‘প্রজাপতি ২’ (Projapoti 2) মুক্তির খবরে সরগরম, ঠিক সেখানেই সিপিএম নেতা মিঠুনের ব্যক্তিজীবনেও উড়ছে ‘প্রজাপতির’ ডানা। জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ঘনিষ্ঠদের মন্তব্য, বুকিংও নাকি তেমন ঝামেলা ছাড়াই মিলে গেছে, নামের জাদু কি তবে গোপনে কাজ করেছে?
বাংলায় নাম-সাদৃশ্যের ঘটনা নতুন নয়
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক সন্দীপ ঘোষকেও একসময় ভুলে গুলিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল আরজি কর কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিতর্কে। শেষে নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছিলেন “Not the Principal”। হুগলির এই ঘটনা আবারও মনে করিয়ে দিল। নাম কখনও কখনও যতটা সহজ, পরিস্থিতি ততটাই জটিল বা হাস্যকর করে তুলতে পারে (Mithun Chakraborty)।
