India Surpasses China In Rice
Bengal Liberty Desk, ৫ জানুয়ারি, নয়াদিল্লি: এক সময় খাদ্যঘাটতির তকমা যাঁর কপালে ছিল, সেই ভারতই (India) আজ ধানের বিশ্বরাজা। চাল উৎপাদনে চিনকে (China) পিছনে ফেলে বিশ্বে প্রথম স্থানে উঠে এল ভারত—এমনটাই দাবি কেন্দ্রের। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) কথায়, বর্তমানে ভারতে চাল উৎপাদনের পরিমাণ ৫০.১৮ মিলিয়ন টন, যেখানে চিনের উৎপাদন ১৪৫.২৮ মিলিয়ন টন।
এই সাফল্যের নেপথ্যে রয়েছে উন্নতমানের উচ্চ ফলনশীল বীজ ও রফতানিতে ভারতের ক্রমবর্ধমান দাপট। রাজধানীতে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আইসিএআর-এর তৈরি ২৫টি শস্যের ১৮৪টি উন্নত জাতের উদ্বোধন করেন। তাঁর দাবি, এই নতুন বীজ চাষে ফলন যেমন বাড়বে, তেমনই ফসলের গুণগত মানও আরও উন্নত হবে।
শিবরাজ সিং চৌহানের বক্তব্য (indian rice)
শিবরাজ (Shivraj Singh Chouhan) বলেন, “যে ভারত একসময়ে খাদ্য ঘাটতির দেশ হিসাবে পরিচয় ছিল, সেই দেশই এখন বিশ্বব্যাপী খাদ্য সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। ভারত চাল উৎপাদনে চিনকেও ছাপিয়ে গিয়েছে। চাল উৎপাদক দেশ হিসাবে বিশ্বের প্রথম স্থানে উঠে এসেছে ভারত।” কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, চিন যেখানে বর্তমানে সা়ড়ে ১৪ কোটি চাল উৎপাদন করে সেখানে ভারত ১৫ কোটি টন চাল উৎপাদন করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই সাফল্যকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসাবে বর্ণনা করেন । কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “ভারত এখন বিদেশের বাজারেও চাল সরবরাহ করছে। দেশে প্রচুর পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। এটি ভারতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।”
নতুন অনুমোদিত জাতগুলির মধ্যে রয়েছে ১২২টি খাদ্যশস্য, ৬টি ডাল ও ১৩টি তেলবীজ, পাশাপাশি পশুখাদ্য, আখ, তুলো, পাট ও তামাকের জাত। কৃষকদের হাতে দ্রুত এই বীজ পৌঁছনোর নির্দেশ দিয়ে চৌহান বলেন, জলবায়ু পরিবর্তন, খরা ও লবণাক্ত মাটির মতো প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখেই এই জাতগুলির উন্নয়ন করা হয়েছে।
কৃষিমন্ত্রীর কথায়, ১৯৬৯ সাল থেকে এখনও পর্যন্ত দেশে মোট ৭,২০৫টি উচ্চ ফলনশীল শস্যজাত অনুমোদন পেয়েছে। তাঁর দাবি, উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল বীজের জোরেই ভারত আজ শুধু খাদ্যে স্বনির্ভর নয়, বিশ্ববাজারেরও অন্যতম বড় জোগানদাতা।
