Union Budget 2026
Bengal Liberty: সব জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট হল অবশেষে—ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই , অর্থাৎ ১ ফেব্রুয়ারি (1st February) রবিবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করবেন। রবিবার বাজেট পেশ হবে কি না, তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল, অবশেষে তার ইতি টানলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)।
রিজিজুর বক্তব্য (Union Budget 2026)
শুক্রবার রিজিজু জানান, কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) সংসদের বাজেট অধিবেশনের জন্য উভয় কক্ষের অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরু হবে আগামী ২৮ জানুয়ারি এবং শেষ হবে ২ এপ্রিল।
সংসদীয় সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। তার পরের দিন, ২৯ জানুয়ারি পেশ করা হবে আর্থিক সমীক্ষা। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিরতির পরে দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ মার্চ এবং চলবে ২ এপ্রিল পর্যন্ত।
সাধারণভাবে রবিবার সংসদ বসে না। কিন্তু এবারের বাজেট অধিবেশন সেই নিয়মের ব্যতিক্রম। সংসদীয় ইতিহাস বলছে, এর আগেও রবিবার বাজেট পেশ হয়েছে। ১৯৯৯ সালে অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) সরকারের আমলে অর্থমন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha) রবিবারই বাজেট পেশ করেছিলেন। তখন অবশ্য বাজেট পেশের নির্ধারিত দিন ছিল ফেব্রুয়ারির শেষ ভাগ।
২০১৭ সাল পর্যন্ত বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষ দিনে। নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের আমলে সেই রীতি বদলে যায়। ফেব্রুয়ারির প্রথম দিন বাজেট পেশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই রীতিই বহাল রয়েছে। ফলে এ বছরও ১ ফেব্রুয়ারি বাজেট পেশে কোনও ব্যতিক্রম ঘটছে না (Union Budget 2026)।
