North Barrackpore Murder Case
Bengal Liberty Desk, ৮ ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে রবিন ভট্টাচার্যের (North Barrackpore Murder Case) বিরুদ্ধে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত কাউন্সিলরকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ, সোমবার ধৃত কাউন্সিলরকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।
বিজেপির বিক্ষোভ! (North Barrackpore Murder Case)
এই ঘটনার প্রতিবাদে আজ, সোমবার ব্যারাকপুর চিড়িয়ামোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে বিক্ষোভে সামিল হন দলের কর্মী-সমর্থকরা। মাধ্যমিক পরীক্ষা চলায় যানজট রুখতে ও পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে বিক্ষোভ তুলে গিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের।
কী ঘটনা? (North Barrackpore Murder Case)
জানা গিয়েছে, প্রতিবেশীর বেআইনি নির্মাণ বানানোর প্রতিবাদ জানিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভাতে চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার ৮১ বছর বয়সী বৃদ্ধ তুলসী অধিকারী। অভিযোগ, এরপরেই গতকাল, রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলসীবাবুর বাড়িতে এসে হাজির হন। তুলসী অধিকারীর পরিবারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় কাউন্সিলরের। অভিযোগ, সেই সময় মেজাজ হারিয়ে ওই বৃদ্ধকে রাস্তার ওপরেই ফেলে বেধড়ক মারধর করেন কাউন্সিলর। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃদ্ধকে সজোরে পেটে লাথি মারা হয়, যার ফলে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।
হাসপাতালে মৃত্যু, এলাকায় উত্তেজনা! (North Barrackpore Murder Case)
অচৈতন্য অবস্থায় ওই বৃদ্ধকে দ্রুত ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তর ব্যারাকপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত কাউন্সিলরের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়।
এই ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
৬ বছরের জন্য সাসপেন্ড কাউন্সিলর (North Barrackpore Murder Case)
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে এমন অমানবিক আচরণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। রবিবারই ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান, আগামী ৬ বছরের জন্য দলের তরফে সাসপেন্ড করা হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে।
